দুই বছরের বিবাহবার্ষিকী কি তবে দুই মুলুকে একা একাই পালন করবেন দু'জনে? তা কী করে হয়? অগত্যা সন্দীপ্তা করে ফেললেন প্ল্যানিং।

শেষ আপডেট: 5 December 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ডিসেম্বর সন্দীপ্তা সেনের বিবাহবার্ষিকী। স্বামী সৌম্য মুখোপাধ্যায় এই মুহূর্তে সঙ্গে নেই তাঁর। তিনি রয়েছেন বিদেশে, সিঙ্গাপুরে। মূলত কাজের জন্যই সেখানে যাওয়া তাঁর।
দুই বছরের বিবাহবার্ষিকী কি তবে দুই মুলুকে একা একাই পালন করবেন দু'জনে? তা কী করে হয়? অগত্যা সন্দীপ্তা করে ফেললেন প্ল্যানিং। ঠিক করে নিলেন বিশেষ দিন বিশেষ ভাবে পালন করতে উড়ে যাবেন সিঙ্গাপুরেই। পৌঁছে যাবেন সুদূর সিঙ্গাপুরেই। দ্য ওয়ালকে এমনটাই জানালেন সন্দীপ্তা।
এ দিন রওনা হওয়ার কথা তাঁর। সেখানেই দিন তিনেক কাটিয়ে আবার ব্যাক টু ওয়ার্ক। সন্দীপ্তা ও সৌম্য দু'জনেই ঘুরতে ভালবাসেন। মাঝে বেশ কিছু দিন ঘোরা হয়ে ওঠেনি তাঁর। হিন্দি ধারাবাহিকের কাজের জন্য সন্দীপ্তা ছিলেন মুম্বই। সেখানে সাড়ে তিন মাসের শুটিং শিডিউল সেরে আবার তিনি এসেছেন কলকাতা। নতুন কাজ শুরু হওয়ার আগে ছোট্ট একটা ব্রেক। ফিরেই আবার সেই চেনা রুটিন।
২০২৩ সালে ভালবেসেই বিয়ে করেন সন্দীপ্তা ও সৌম্য। ঘটা করে বিয়ে করেছিলেন তাঁরা। নায়িকা পরেছিলেন সুফিয়া রঙের শাড়ি। ওদিকে সৌম্য পরেছিলেন মানানসই পাঞ্জাবি। ইন্ডাস্ট্রির বহু চেনামুখ হাজির হয়েছিলেন তাঁদের বিয়েতে। তারকাদের ঢল নেমেছিল। বছর দুয়েক পার, এখনও যদিও ভালবাসা অটুট তাঁদের। দু'জনে আছেন দু'জনাতেই।