দিন কয়েক আগে টলিউডের এক অতি পরিচিত টেকনিশিয়ানের আত্মহত্যার খবর সামনে এসেছিল। বাইরের অসুখ বোঝা গেলেও মনের অসুখের খবর রাখেন কয়জন? তবে এবার শোনা হবে মনের কথাও, সৌজন্যে সিনে ফেডারেশন।

শেষ আপডেট: 4 December 2025 22:27
দ্য ওয়াল ব্যুরো: ফিল্ম দুনিয়ার সব কিছুই কি ঝলমলে? আলোর নিচে অন্ধকার কি নেই? অনিশ্চয়তা, কাজের চাপ, কাজ হারানোর ভয়, গ্রাস করে ক্রমাগত। সামনে আসে আত্মহত্যার মতো খবর।
দিন কয়েক আগে টলিউডের এক অতি পরিচিত টেকনিশিয়ানের আত্মহত্যার খবর সামনে এসেছিল। বাইরের অসুখ বোঝা গেলেও মনের অসুখের খবর রাখেন কয়জন? তবে এবার শোনা হবে মনের কথাও, সৌজন্যে সিনে ফেডারেশন।
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগে এস এস কে এম হাসপাতালের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক অভাবনীয় পরিকল্পনা। এবার থেকে পিজি হাসপাতালের পক্ষ থেকে মনোরোগ বিশেষজ্ঞ ফেডারেশনের অফিসে মাসে তিন দিন করে বসবেন। মানসিক অবসাদ থেকে টেকনিশিয়ানদের মুক্ত করার জন্যই এই উদ্যোগ। অবস্থা গুরুতর হলে ফেডারেশনের সহযোগিতায় এসএসকেএমে চিকিৎসাও করাতে পারবেন তাঁরা। এ দিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
হাজির ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় , ইন্দ্রদীপ দাশগুপ্ত, নীলাঞ্জনা শর্মাসহ টলিপাড়ার পরিচিত মুখ। এ দিন পরিচালক শিবপ্রসাদ বলেন, "ফেডারেশনকে ধন্যবাদ। পোস্ট কোভিড চাকরি থাকবে কি থাকবে না এই অনিশ্চয়তা মানুষকে গ্রাস করছে। আমরা আমাদের পরিবারের থেকে এতটাই দূরে চলে গিয়েছি যে আমাদের কাজের সঙ্গে কোনও যোগ নেই। আমাদের এই পেশার শেষটা দেখানোর কেউ নেই। নিজেকে মোটিভেট করতে হয়। আমরা একটা নেতৃত্বের খোঁজ করছিলাম। সেটাই স্বরূপ বিশ্বাস করছেন। এর প্রভাব সুদূরপ্রসারী থাকবে।" কৌশিকসহ অন্যান্যদের গলাতেও একই সুর। আত্মহত্যা রুখতে যেভাবে ফেডারেশন পাশে দাঁড়িয়েছেন টেকনিশিয়ানদের সেই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।