যে কাজ শুরু হওয়ার কথা ছিল এক কিংবদন্তিকে স্মরণ করে, তা প্রথম দিনেই জড়িয়ে পড়ল বিতর্কে। শুক্রবার প্রযোজক রানা সরকারের প্রযোজনায় মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং শুরু হতেই সেটে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যেখানে শিল্পচর্চার বদলে সামনে আসে অভিযোগ আর অস্থিরতা।

শেষ আপডেট: 28 March 2026 13:29
দ্য ওয়াল ব্যুরো: যে কাজ শুরু হওয়ার কথা ছিল এক কিংবদন্তিকে স্মরণ করে, তা প্রথম দিনেই জড়িয়ে পড়ল বিতর্কে। শুক্রবার প্রযোজক রানা সরকারের প্রযোজনায় মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং শুরু হতেই সেটে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যেখানে শিল্পচর্চার বদলে সামনে আসে অভিযোগ আর অস্থিরতা।
প্রযোজকের বক্তব্য, শুটিং চলাকালীন আচমকাই কয়েকজন ‘লাইট কেয়ারটেকার’ সেটে ঢুকে পড়েন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁর দাবি, ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার সুরজিৎ সাহা শারীরিক আক্রমণের শিকার হন। তবে ঘটনাটির অন্য দিকও কম তাৎপর্যপূর্ণ নয়। ‘লাইট কেয়ারটেকার’দের বক্তব্য, তাঁরা কোনও উদ্দেশ্যহীনভাবে আসেননি—বরং দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিকের দাবিতেই সেখানে উপস্থিত হয়েছিলেন।
অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত পুলিশকে শুটিং স্পটে হস্তক্ষেপ করতে হয়। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, “ঘটনার কথা জেনেছি। শুটিং ফ্লোরে এ ধরনের বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এটাও বলব, বকেয়া পারিশ্রমিকের বিষয় নিয়ে ফেডারেশন অতীতে বহুবার সমস্যার সমাধান করেছে, কিন্তু এই ঘটনায় আমাদের আগে থেকে কিছু জানানো হয়নি।”
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক—২৮ মার্চ ২০২৬, বিকেল ৩টের একটি বৈঠক। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তর নেতৃত্বে ডাকা হয়েছে এই মিটিং, যেখানে সাংবাদিক বৈঠকেরও আয়োজন রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রানা সরকারও।
এখন প্রশ্ন, শুটিং ফ্লোরের উত্তাপ কি মিটিং টেবিলে গিয়ে প্রশমিত হবে, নাকি সেখানেই নতুন করে শুরু হবে আরেক দফা সংঘাত?