শোনা গিয়েছিল ছবিতে থাকতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বহুদিন ধরেই দর্শক মুখিয়ে রয়েছেন তাঁকে আবারও পর্দায় দেখার আশায়। বহুদিনের জল্পনায় অবশেষে ইতি টানলেন খোদ পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)।

শেষ আপডেট: 25 March 2026 15:40
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আবার ফিরছে সরকার ছবি। অর্থাৎ আসতে চলেছে সরকার ৪। সিনেপাড়ার অন্দরে এই খবর আগেই ছিল। তবে ছবি ঘিরে উত্তেজনার পারদ রাতারাতি তুঙ্গে ওঠে, যখন অন্দরমহলের এক গুরুত্বপূর্ণ খবর ফাঁস হয়ে যায়। আর তা হল, ছবিতে থাকতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বহুদিন ধরেই দর্শক মুখিয়ে রয়েছেন তাঁকে আবারও পর্দায় দেখার আশায়। কিন্তু এই ছবিতে থাকছেন না ঐশ্বর্য। বহুদিনের জল্পনায় অবশেষে ইতি টানলেন খোদ পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)।
যা শোনা মাত্রই অনুরাগীদের মন খারাপ হয়ে গেল। পরিচালকের সোজাসাপটা জবাব, “না, ঐশ্বর্য নেই”, আর তাতেই পরিষ্কার, সরকার ৪-এর মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন না অভিনেত্রী।
এক সময় সরকার রাজ (Sarkar Raj)-এ তাঁর উপস্থিতি ফ্র্যাঞ্চাইজিতে আলাদা মাত্রা যোগ করেছিল। তাই নতুন কিস্তিতে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু পরিচালকের এই মন্তব্যে সেই আশা আপাতত ভেঙে গেল।
তবে সরকার মানেই যে দুই জনপ্রিয় মুখ, তা আবারও ফিরতে পারে বলেই ছিল আরও এক জল্পনা। শোনা গিয়েছিল, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এই ছবিতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তবে সরকার ৪ যদি তৈরি না হয়! পরিচালক তেমনই ইঙ্গিত স্পষ্ট করলেন। তিনি বানাবেন না এই ছবি।
অর্থাৎ আপাতত এই ছবি নিয়ে তিনি কোনও কাজ করবেন না। কারণ ধুরন্ধুর। এই ছবি দেখে তাঁর ছবি বানানোর প্রতি যে দৃষ্টিভঙ্গি তা পলকে পাল্টে গিয়েছে। তিনি জানান, ধুরন্ধর তাঁর পক্ষে বানানো সম্ভব নয়, তিনি বানাতেও চান না, কেউ বানাতেও পারবে না, তবে তিনি ছবি তৈরির মোটিভ পাল্টে ফেলেছেন বলেই দাবি করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালে শুরু হওয়া সরকার ফ্র্যাঞ্চাইজি ভারতীয় রাজনৈতিক থ্রিলারের জগতে এক আলাদা জায়গা তৈরি করেছে। ক্ষমতা, পরিবার, বিশ্বাসঘাতকতা—এই তিন নিয়েই গড়ে ওঠে গল্পের টানটান উত্তেজনা। বাস্তব রাজনীতির অনুপ্রেরণায় তৈরি এই সিরিজ বরাবরই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ফলে অনেকেই মুখিয়ে ছিলেন এই ছবির জন্যে। তবে আপাতত যে সেই প্রজেক্ট স্থগিত, তা তিনি স্পষ্ট করে দিলেন।