বর্তমানে অনুরাগীদের কাছে সবচেয়ে আশ্বস্তকর খবর, আঘাতটি গুরুতর নয়। তাই বিশ্রাম না নিয়েই খুব দ্রুত শুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন অভিনেতা। টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ছোটখাটো চোট এবং উদ্বিগ্নের কোনও কারণ নেই।

শেষ আপডেট: 25 March 2026 13:22
দ্য ওয়াল ব্যুরো: অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে অভিনেতাদের চোট পাওয়ার খবর নতুন নয়। বহু ছবিতেই এই সকল দৃশ্যে ঝুঁকি নিয়ে শুট করে থাকেন অনেকেই। এবার তেমনটাই করতে গিয়ে বিপাকে পড়লেন দক্ষিণী সুপারস্টার। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আচমকা চোট পেলেন রাম চরণ (Ram Charan)। মঙ্গলবার তাঁর আসন্ন স্পোর্টস ড্রামা পেড্ডি (Peddi)-র শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, অনেকে আশঙ্কা করেছিলেন, অভিনেতার চোখে গুরুতর আঘাত লেগেছে। তবে পরে তাঁর টিম স্পষ্ট করে জানায়, ভয় পাওয়ার মতো কিছু হয়নি।
সূত্রের খবর, একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার সময় রামচরণের চোখের উপরের অংশে আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই চিকিৎসা করানো হয় এবং সেখানে চারটি সেলাই পরে। তবে বর্তমানে তাঁর চোখ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়, কারণ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল।
তাই বর্তমানে অনুরাগীদের কাছে সবচেয়ে আশ্বস্তকর খবর, আঘাতটি গুরুতর নয়। তাই বিশ্রাম না নিয়েই খুব দ্রুত শুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন অভিনেতা। টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ছোটখাটো চোট এবং উদ্বিগ্নের কোনও কারণ নেই।
এই ছবিতে রাম চরণের পাশাপাশি রয়েছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), শিব রাজকুমার (Shiva Rajkumar), জগপতিবাবু (Jagapathi Babu)সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার এ.আর রহমান (A. R. Rahman), যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
এর মধ্যেই সম্প্রতি আদিত্য় ধর (Aditya Dhar) পরিচালিত ও রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ধুরন্ধপ (Dhurandhar: The Revenge) দেখে প্রশংসা করেছেন রাম চরণ। নির্মাতার কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সব মিলিয়ে, বর্তমানে রমরমিয়ে চলছে ছবির কাজ। সামান্য চোট পেলেও থেমে থাকেননি রাম চরণ। পেশাদারিত্ব আর কাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ রেখে আবারও দ্রুত ফিরেছেন ক্যামেরার সামনে।