ধুরন্ধর ২ দেখে প্রশংসায় ভাসালেন রাম গোপাল বর্মা।

রাম গোপাল বর্মা
শেষ আপডেট: 18 March 2026 19:31
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই জোর চর্চায় উঠে এসেছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (Dhurandhar 2)। রণবীর সিং অভিনীত এই স্পাই-থ্রিলার ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর সেই আবহেই ছবিটি নিয়ে মুখ খুললেন বলিউডের বিতর্কিত ও স্পষ্টভাষী পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)।
প্রিভিউ দেখার পর নিজের প্রতিক্রিয়া লুকিয়ে রাখতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় রাম গোপাল বর্মা লিখেছেন, ধুরন্ধর ২ শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা। তাঁর দাবি, ছবিটির দৃশ্যগত ও মনস্তাত্ত্বিক প্রভাব এতটাই প্রবল যে তা কালজয়ী শোলে-র থেকেও “১০০ গুণ বেশি প্রভাবশালী”। এমনকি তাঁর মন্তব্য, এই ছবি দেখার পর মুঘল-ই-আজম-এর মতো ক্লাসিককেও অনেকের কাছে টেলিভিশন ধারাবাহিকের মতো মনে হতে পারে।
এখানেই থেমে থাকেননি তিনি। হলিউডের দুই কিংবদন্তি স্টিভেন স্পিলবার্গ এবং ক্রিস্টোফার নোলানকেও এই ছবি দেখার পরামর্শ দিয়েছেন রাম গোপাল বর্মা। তাঁর কথায়, স্পিলবার্গ এবং নোলানের উচিত সব কাজ ফেলে প্রথম দিনেই ধুরন্ধর ২ দেখা।
আদিত্য ধরের পরিচালনা নিয়েও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। রাম গোপাল বর্মার মতে, এখন থেকে ‘পরিচালক’ শব্দটির সংজ্ঞাই যেন নতুন করে লেখা উচিত— আর তার শুরু হওয়া উচিত আদিত্য ধরের নাম দিয়ে।
উল্লেখ্য, ১৯ মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে ধুরন্ধর ২। তার আগেই ১৮ মার্চ থেকে শুরু হয়েছে পেইড প্রিভিউ শো। রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল। প্রথম পর্ব বিশ্বজুড়ে ১৩০০ কোটির ব্যবসা করেছিল, ফলে স্বাভাবিকভাবেই এই সিক্যুয়েল সেই রেকর্ড ছাপাতে পারে কি না, সেদিকেই এখন নজর বক্স অফিসের।