৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় জামিন পেয়ে জেল জীবনের কঠিন অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা রাজপাল যাদব।

রাজপাল যাদব
শেষ আপডেট: 21 February 2026 15:47
দ্য ওয়াল ব্যুরো: বহু টানাপোড়েনের পর অবশেষে জামিন পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। গত ১৬ ফেব্রুয়ারি ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। জামিন মঞ্জুর হওয়ার পর তিনি উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরে যান। সেখানে ভাইঝির বিয়ের অনুষ্ঠানে তাঁকে আনন্দ করে নাচতেও দেখা যায়।
তবে জেলে কাটানো সময়টা মোটেই সহজ ছিল না অভিনেতার জন্য। জানা গেছে, তিনি কোনও বিশেষ সুবিধা পাননি। অন্য বন্দিদের মতোই সাধারণ নিয়ম মেনেই দিন কাটাতে হয়েছে তাঁকে। এমনকি একসময় কুখ্যাত দুষ্কৃতী ছোটা রাজন যে সেলে ছিলেন, সেই সেলেই রাখা হয়েছিল রাজপালকে। অভিনেতাকে দেখতে জেলের অন্যান্য বন্দিরা নাকি সার বেঁধে আসতেন।
জেলের নিয়ম ছিল অত্যন্ত কঠোর। সন্ধ্যা ৬টার মধ্যেই রাতের খাবার খেয়ে নিতে হতো তাঁকে। কিন্তু শারীরিক কষ্টের থেকেও মানসিক যন্ত্রণা ছিল বেশি। পরিবারের থেকে দূরে থাকা তাঁর কাছে সবচেয়ে কঠিন ছিল।
এই প্রসঙ্গে রাজপাল নিজেই জানিয়েছেন, “কাছের মানুষদের থেকে দূরে থাকার মতো কষ্ট আর কিছুতে নেই। মানসিক ভাবে খুব অস্থির হয়ে পড়েছিলাম। সেই সময় মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাসন করতাম।”