চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করে তিহার জেলে রাজপাল যাদব। কঠিন সময়ে পাশে দাঁড়াতে শিল্পী সমাজের কাছে আবেদন জানালেন সোনু সুদ।

সোনু সুদ ও রাজপাল যাদব
শেষ আপডেট: 10 February 2026 23:32
দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে রাজপালের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন অভিনেতা সোনু সুদ। শিল্পী-সহকর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, এটা দয়া নয়, একজন শিল্পীর সম্মান রক্ষার প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সোনু সুদ লেখেন, রাজপাল যাদব অত্যন্ত প্রতিভাবান অভিনেতা, যিনি বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিকে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন। তাঁর কথায়, “কখনও কখনও জীবনে খারাপ সময় আসে—তার কারণ প্রতিভার অভাব নয়, সময়ের নিষ্ঠুরতা।” সোনু আরও জানান, রাজপাল তাঁর আগামী ছবিতে অভিনয় করছেন।
পাশাপাশি তিনি প্রযোজক ও পরিচালকদের অনুরোধ করেন, রাজপালকে নতুন কাজ দেওয়া হোক এবং সামান্য সাইনিং অ্যামাউন্ট অগ্রিম হিসেবে দেওয়া হোক, যা পরবর্তী পারিশ্রমিকের সঙ্গে সমন্বয় করা যেতে পারে। সোনুর ভাষায়, “এটা দান নয়, এটা সম্মান। কঠিন সময়ে আমরা যদি একজন শিল্পীর পাশে না দাঁড়াই, তাহলে ইন্ডাস্ট্রিকে পরিবার বলব কীভাবে? ও পুরো একা হয়ে গেছে।”
এই মামলার সূত্রপাত ২০১৮ সালের এপ্রিল মাসে। সে সময় ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদবকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে রাজপাল এবং তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টে আবেদন জানান। হাইকোর্ট সেই সময় সাজা স্থগিত রাখে। পরে ২০২৪ সালে আদালত তাঁকে আবারও দোষী সাব্যস্ত করে। যদিও মামলাকারীদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা থাকায় সাজার ওপর ফের সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়।
কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হন রাজপাল। তিনি আশ্বাস দিয়েছিলেন, শীঘ্রই সম্পূর্ণ অর্থ পরিশোধ করবেন। গত বছরের অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিলেও এখনও প্রায় ৯ কোটি টাকা বাকি রয়েছে। এই অবস্থায় আদালতের তরফে জানানো হয়, আর কোনও নমনীয়তা দেখানো সম্ভব নয়। জামিনে মুক্ত থাকার সময় যে প্রতিশ্রুতি অভিনেতা দিয়েছিলেন, তা পূরণ না হওয়াতেই এই সিদ্ধান্ত।
গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানায়, রাজপালের ক্ষেত্রে আগের সব শিথিল অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। নির্দেশ দেওয়া হয়, বুধবার বিকেল চারটার মধ্যে তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নিজের প্রতিশ্রুতি রক্ষা না করায় এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন রাজপাল যাদব।
বলিউড সূত্রে জানা যাচ্ছে, রাজপাল আদালতে স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাছে দেনা শোধ করার মতো অর্থ নেই। তাঁর কথায়, “স্যার, কী করব? আমার কাছে টাকা নেই। অন্য কোনও উপায়ও দেখতে পাচ্ছি না।” বন্ধুবান্ধবের কাছে আর্থিক সাহায্য না চাওয়ার প্রসঙ্গে অভিনেতা বলেন, “স্যার, এখানে আমরা সবাই একা। কোনও বন্ধু নেই। এই বিপদ আমাকে নিজেকেই সামলাতে হবে।”