সোমবার বিকেলে শ্মশানে ঢোকার সময় মায়ের হাত শক্ত করে ধরে ছিল সহজ। চারপাশে ভিড়, ক্যামেরা, অচেনা মুখ - সব কিছুর মাঝেও যেন কিছুই ছুঁতে পারছে না তাকে, নির্বাক হয়ে শুধু মাকে অনুসরণ করছিল সে। সমস্ত নিয়ম মেনে বাবার মুখাগ্নি করে সহজ।

ছেলে সহজের সঙ্গে রাহুল
শেষ আপডেট: 30 March 2026 22:25
দ্য ওয়াল ব্যুরো: বাবার শেষযাত্রার ভার কাঁধে তুলে নিল সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেটি। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee last rites)-এর মুখাগ্নি করল তাঁরই পুত্র সহজ (Rahul Arunoday Banerjee son Shohoj) । পাশে ছিলেন মা, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), শোকের মাঝেও ছেলেকে আগলে রাখার মরিয়া চেষ্টা।
সোমবার বিকেলে শ্মশানে ঢোকার সময় মায়ের হাত শক্ত করে ধরে ছিল সহজ ((Rahul Arunoday Banerjee news)। চারপাশে ভিড়, ক্যামেরা, অচেনা মুখ - সব কিছুর মাঝেও যেন কিছুই ছুঁতে পারছে না তাকে, নির্বাক হয়ে শুধু মাকে অনুসরণ করছিল সে। অল্প বয়সেই এমন নির্মম বাস্তবের সামনে দাঁড়াতে হবে তাকে, তা কল্পনাতেও ছিল না কারও।
শ্মশানের ভিতরে বাবার নিথর দেহের সামনে শেষকৃত্য শুরু হয় কিছুক্ষণ পরেই। সমস্ত নিয়ম মেনে বাবার মুখাগ্নি করে সহজ। পুরো সময়টা একেবারে নীরব ছিল সে। বিকেল ৫টা ১২ নাগাদ চুল্লিতে ঢোকানো হয় অভিনেতার দেহ।
এর পর মায়ের সঙ্গে শ্মশান থেকে বেরিয়ে আসে সহজ। তখনও মুখে কোনও অভিব্যক্তি নেই, যেন সবটাই স্তব্ধতার মধ্যে বন্দি। বাবার ছাতাটুকু হারিয়েছে চিরদিনের মতো। মায়ের হাত শক্ত করে ধরা, সেই একমাত্র আশ্রয়।
রবিবার সন্ধ্যায় আচমকাই ছড়িয়ে পড়ে রাহুলের মৃত্যুসংবাদ। জানা যায়, দিঘার তালসারি-তে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটে। সে সময় কলকাতায় নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। খবর পেয়ে প্রথমেই ছুটে যান শাশুড়ির কাছে।
ছেলের কাছে কীভাবে এই দুঃসংবাদ পৌঁছবে, তা ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কাই ধীরে ধীরে সবটা বোঝান সহজকে। ততক্ষণে বিজয়গড়ের বাসভবনের সামনে জমতে শুরু করেছে ভিড়। কিন্তু ছেলেকে সেই কোলাহল থেকে দূরেই রেখেছিলেন তিনি।
শেষকৃত্যের পর অস্থিভস্ম হাতে নিয়ে শ্মশান ছাড়েন মা-ছেলে। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। পরে বাবুঘাট-এর গঙ্গায় বিসর্জন দেওয়া হয় রাহুলের অস্থিভস্ম।
সোমবারই শ্যুটিং সেরে বাড়ি ফেরার কথা ছিল রাহুলের। তিনি ফিরলেন, তবে শবদেহের গাড়িতে। এমনটা তো কথা ছিল না, কত কিছু যে বাকি রয়ে গেল! কত অভিনয় দেখা হল না, কত আলোচনা করা হল না, তাঁর কত লেখা পড়া হল না - কীভাবে এই শোক কাটিয়ে উঠবেন, এখনও বুঝে উঠতে পারছে না ইন্ডাস্ট্রিতে রাহুলের কাছের মানুষ, শিল্পীরা।
এদিন অভিনেতার শেষযাত্রায় হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা— প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। সকলের চোখেমুখে এখনও অবিশ্বাসের ছায়া - সত্যিই রাহুল আর ফিরবে না?