‘রইস’ হিট হলেও দুঃসময়ে ভুগছিলেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। মা আইসিইউতে ভর্তি, শরীর ভেঙে পড়া সত্ত্বেও থামাননি কাজ।

‘রইস’
শেষ আপডেট: 6 August 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের কামব্যাক অ্যাকশন ফিল্ম ‘রইস’-এর সাফল্যের কথা এখনও বলিউড মনে রেখেছে। বিশ্বজুড়ে ২৮০ কোটির বেশি রোজগার করেছিল ছবিটি। কিন্তু পর্দার পেছনে চলছিল এক অন্য লড়াই, পরিচালক রাহুল ঢোলাকিয়ার লড়াই নিজের শরীর, মানসিক চাপ আর ব্যক্তিগত সংকটের সঙ্গে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল জানান, ‘রইস’ শুটিংয়ের সময় তাঁর মা আইসিইউ-তে ভর্তি ছিলেন। একদিকে চলছিল ছবির শুট, অন্যদিকে রাতভর মায়ের পাশে কাটিয়ে সকাল হলেই পৌঁছে যেতেন সেটে। শাহরুখ তখন সেটে প্রস্তুত, পিছিয়ে আসার কোনও উপায় ছিল না তাঁর কাছে।
“তখনকার বলিউডে কেউ নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলত না। আমার ভয় ছিল, কেউ হয়তো ভাববে আমি কাজ করতে পারছি না, বাদ দিয়ে দেবে। তাই রাতের পর রাত মায়ের কাছে থেকে সকালবেলা হাসিমুখে শুটিং ফ্লোরে ফিরেছি,” বলেন রাহুল।
তাঁর মতে, একজন পরিচালকের শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনের তারকা, প্রযোজক থেকে শুরু করে গোটা টিমের ইগো সামলানোর চাপ থাকে। তার ওপর যখন শরীর সায় দেয় না, তখন সেই চাপ আরও বেশি বাড়ে। এই সময়েই রাহুল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং একবার হার্ট অ্যাটাকের শিকারও হন। তবু থেমে যাননি।
এই মানসিক চাপ কীভাবে সামলান? উত্তরে রাহুল বলেন, “ঘুম, সিনেমা দেখা আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোই আমার ওষুধ। ‘লিগ্যালি ব্লন্ড’, ‘মাই কাজ়িন ভিনি’ আর ‘রকি’-র মতো সিনেমা আমাকে চাঙ্গা করে দেয়।”
পরিচালকের কথায় স্পষ্ট, বলিউডে এখন মানসিক স্বাস্থ্যের আলোচনা একটু হলেও বেড়েছে, কিন্তু এখনও অনেকেই ভয়ের চাপে নিজের সমস্যা গোপন রাখেন। “এখানে কেউ দুর্বলতা দেখাতে চায় না, কারণ সবাই জানে, যে কোনও মুহূর্তে বদলে দেওয়া হতে পারে,” বলেন রাহুল। শাহরুখ, নওয়াজউদ্দিন, জিশান আয়ুবের মতো অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছিল ‘রইস'।