'ইন্ডাস্ট্রি' তিনিই, এবার সেই নামের পাশে জুড়ল আরও এক খেতাব।

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 25 January 2026 20:18
দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডাস্ট্রি' তিনিই, এবার সেই নামের পাশে জুড়ল আরও এক খেতাব। পদ্মশ্রী (Padmashri) সম্মান পেতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। এ যে বাংলা সিনেমার (Bangla cinema) অন্যতম এক সেরা মুহূর্ত তো বটেই, সেকথা বলার অপেক্ষা রাখে না।
বাংলা সিনেমায় তাঁর অবদান নিয়ে কোনও কথা হবে না। তার স্বীকৃতি হিসেবেই প্রসেনজিতের হাত ধরে ২০২৬-এ পদ্ম সম্মান ঘরে নিয়ে এল বাংলা।
বাংলা বিনোদন জগতে কয়েক দশক ধরে পর্দা জুড়ে দাপিয়ে অভিনয় করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বয়সকে তিনি কবেই হার মানিয়েছেন। বাংলা সিনেমার জগতে তিনি সকলের কাছে তিনি আদরের 'বুম্বাদা'। বেশ কিছুটা সময়ের অপেক্ষা ছিল বটে, তবে এবার তাঁর হাত ধরেই ২০২৬-এ পদ্মশ্রী এল বাংলার ঝুলিতে। অভিনেতা হিসেবে তিনিই একমাত্র, যিনি এই বছর বাংলা থেকে এই সম্মান পেলেন। বাংলার সিনেপ্রেমীদের কাছে এ এক আনন্দের খবর তো নিঃসন্দেহে।
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা, জনসেবা-সহ জীবনের নানা ক্ষেত্র থেকে দীর্ঘমেয়াদি প্রভাব ও উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়।
যদিও প্রজাতন্ত্র দিবসের আগে নাম ঘোষণা করা হয়েছে, পদক প্রদান অনুষ্ঠান হবে পরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি বছরের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ভবনে পুরস্কারপ্রাপকদের হাতে পদক তুলে দেবেন।
পদ্ম পুরস্কার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান। এই পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয় - পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী।