সপ্তম বিবাহবার্ষিকীতে লাল বিকিনিতে প্রিয়াঙ্কা চোপড়া’র ছবি শেয়ার করলেন নিক জোনাস। লিখলেন—‘তুমিই আমার ড্রিম গার্ল’।

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস,
শেষ আপডেট: 2 December 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী গায়ক নিক জোনাসের অসমবয়সী প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে বিনোদন জগতে চর্চা লেগেই থাকে। যাঁরা ২০১৮ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন। তাদের মধ্যে বয়সের দশ বছরের ফারাক (প্রিয়াঙ্কা ৪২, নিক ৩২)। মাঝে তাদের সম্পর্ক নিয়ে ফাটলের জল্পনা উঠলেও, নিন্দুকদের মুখে ছাই দিয়ে এই তারকা দম্পতি সফলভাবে সুখী দাম্পত্যের ছয় বছর পার করে এবার সপ্তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন।
বিয়ের সাত বছরের জন্মদিন উপলক্ষে এই তারকা দম্পতি বিদেশের এক চোখ ধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গিয়েছেন। মঙ্গলবার সাতসকালে নেটমাধ্যমে সেই রোম্যান্সের ঝলক দেখালেন বলিউডের 'পরদেশি জামাই' নিক জোনাস। বিকিনি পরা 'দেশি গার্ল' প্রিয়াঙ্কাকে পিছন থেকে লেন্সবন্দি করে নিক লিখেছেন, "আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হল।"
পাহাড় ঘেরা নীল জলরাশির ধারে লাল বিকিনি পরে প্রিয়াঙ্কাকে রোদ পোহাতে দেখা যায়। শরীরে জড়ানো তোয়ালে এবং হাতে পানীয়ের গ্লাস নিয়ে স্ত্রীকে দেখে মুগ্ধ হয়ে নিক সেই ছবিটি তুলেছেন।

স্বামীর আদুরে পোস্টে অভিনেত্রীও সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, "তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।" স্বামী-স্ত্রীর এই মাখোমাখো রসায়নে নেটপাড়া সরগরম। বিয়ের সাত বছর পরও যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই তারকা দম্পতি, তা আর বলার অপেক্ষা রাখে না।
শুটিং, মিউজিক্যাল ট্যুর— শত ব্যস্ততার মাঝেও কীভাবে বাড়িতে সময় কাটান নিক-প্রিয়াঙ্কা? এ প্রসঙ্গে মাসখানেক আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তাঁদের কাছে রবিবার সকালটা বরাবরই আলাদা।
অভিনেত্রীর কথায়, "রবিবার সকালে বিছানায় একে-অপরকে জড়িয়ে না ধরলে হয়ই না! এটা আমাদের কাছে বাধ্যতামূলক।" তিনি জানান, সপ্তাহের ওই একটা দিনই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় পান। ছুটির দিনে এই বিষয়টি তাঁদের কাছে রীতিমতো 'ট্র্যাডিশন' বা প্রথায় পরিণত হয়েছে, যার কোনও নড়চড় হয় না।
প্রিয়াঙ্কার জীবনের সবথেকে বড় শান্তি কী? এই প্রশ্নের জবাবে অভিনেত্রীর মত, "আমার জীবনের সবথেকে বড় বিলাসিতা হল বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানো। একে-অপরের মধ্যে ডুবে থাকা। এদিনটা কোথাও যাওয়ার তাড়া থাকে না।" তবে অবসরে তিনি চিত্রনাট্য পড়ার পাশাপাশি টিভিও দেখেন বলে জানান।