চেক বাউন্স মামলায় আইনি জটে থাকা রাজপাল যাদবের পাশে দাঁড়ালেন পরিচালক প্রিয়দর্শন।

রাজপাল যাদব ও প্রিয়দর্শন
শেষ আপডেট: 14 February 2026 17:38
দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় দীর্ঘদিন ধরেই আইনি জটিলতার মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। তবে এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশ। ইতিমধ্যেই বকেয়া টাকার অর্ধেক পরিশোধও করে ফেলেছেন অভিনেতা। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। যদিও সরাসরি আর্থিক সাহায্য নয়, বরং নিজের নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েই রাজপালকে সমর্থন জানালেন তিনি।
সম্প্রতি এক সর্বভারতীয় সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন প্রিয়দর্শন। তিনি জানান, তাঁর প্রযোজনা সংস্থা ‘জুবিলি ফিল্ম’-এর আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রাজপাল যাদব। শুধু সুযোগই নয়, তাঁর স্বাভাবিক পারিশ্রমিকের দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিচালক। এমনকী ছবিতে রাজপালকে খলচরিত্রে দেখা যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রিয়দর্শন।
রাজপালের সঙ্গে প্রিয়দর্শনের সম্পর্ক আজকের নয়। ২০০০ সালে ‘জাঙ্গল’ ছবিতে প্রথমবার রাজপালের অভিনয় দেখেই মুগ্ধ হয়েছিলেন তিনি। এরপর ২০০৬ সালে প্রিয়দর্শনের পরিচালনায় ‘মালামাল উইকলি’ ছবিতে প্রথমবার তাঁর সঙ্গে কাজ করেন রাজপাল। সেই শুরু, তারপর থেকে পরিচালকের বহু ছবিতেই নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। এমনকী বিজ্ঞাপনী ছবিতেও অভিনয়ের জন্য রাজপালকে উৎসাহ দিয়েছিলেন প্রিয়দর্শন। সাক্ষাৎকারে পরিচালক বলেন, “রাজপাল অত্যন্ত ভাল মনের মানুষ। ওর মধ্যে কোনও জটিলতা নেই। একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তারই ফল এখন ভুগছে। এর বেশি কিছু নয়।”
উল্লেখযোগ্য বিষয় হল, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য দিল্লির একটি সংস্থা ‘মুরালি প্রজেক্ট’-এর কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই টাকা ফেরত দিতে পারেননি তিনি। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন করেন রাজপাল এবং তাঁর স্ত্রী, ফলে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ২০২৪ সালে ফের তাঁকে দোষী সাব্যস্ত করা হলেও আদালত সাময়িকভাবে সাজা স্থগিত রাখে, এই আশায় যে তিনি মামলাকারীদের সঙ্গে সমঝোতা করবেন বা বকেয়া অর্থ পরিশোধ করবেন। জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিয়েছেন অভিনেতা। তবে এখনও সম্পূর্ণ টাকা শোধ করা সম্ভব হয়নি তাঁর পক্ষে।