গোবিন্দা ও সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে পরকীয়ার অভিযোগের মাঝে মুখ খুললেন ভাগ্নে কৃষ্ণ অভিষেক।

ছবি: এআই
শেষ আপডেট: 14 February 2026 17:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে (Sunita Ahuja) ঘিরে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছে। বিশেষ করে সুনীতার তোলা পরকীয়ার অভিযোগ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে তাঁদের সম্পর্ককে। যদিও সেই অভিযোগের ব্যাখ্যাও দিয়েছেন গোবিন্দা। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতার ভাগ্নে কৃষ্ণ অভিষেক (Krushna Abhishek)। তবে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
এক সাম্প্রতিক একান্ত সাক্ষাৎকারে কৃষ্ণ বলেন, সুনীতার তাঁর স্বামী সম্পর্কে মত প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে। কারণ, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কী কথা হবে, তা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। বাইরের কারও সেই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় বলেই মনে করেন তিনি।
কৃষ্ণর কথায়, “মামি সুনীতার কথা বলার সম্পূর্ণ অধিকার আছে, কারণ তিনি তাঁর স্ত্রী। তাঁদের সম্পর্ক নিয়ে অন্য কেউ মন্তব্য করতে পারে না। তিনি তাঁর স্ত্রী এবং গোবিন্দা আমাদের কাছে কিংবদন্তি। তাঁরও নিজের মতামত জানানোর অধিকার রয়েছে। আমি তাঁদের ব্যক্তিগত বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
তিনি আরও বলেন, “আমি ওই পরিবারেরই একজন সদস্য। আমি দু’জনকেই সমানভাবে সম্মান করি এবং ভালবাসি। সংবাদমাধ্যমে অনেক কিছুই দেখি, কিন্তু তার কতটা সত্য, তা আমি জানি না। যদি কেউ খারাপ অনুভব করেন, তবে সেই অনুভূতি প্রকাশ করার অধিকার তাঁর রয়েছে।”
বর্তমানে কৃষ্ণ অভিষেককে দেখা যাচ্ছে লাফটার শেফস নামের রিয়েলিটি শো-তে, যা সম্প্রচারিত হয় কালারস টিভিতে। এই শো নিয়েও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। কৃষ্ণ জানান, এই অনুষ্ঠানের সহ-অভিনেতারা তাঁর সঙ্গে পরিবারের সদস্যের মতো আচরণ করেন।
তাঁর কথায়, “এই শো-এর সবাই আমার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করে। কেউ কখনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। কখনও কখনও আমার মজা বা টিজিং তাঁদের খারাপ লাগতে পারে, কিন্তু তাঁরা কখনও সরাসরি আমার বিরুদ্ধে অভিযোগ করেনি। ওঁরা সবাই আমাকে খুব ভালবাসে এবং আমার খেয়াল রাখে।”