বিতর্কিত বেটিং অ্যাপ প্রচার মামলায় ইডি-র তলবের পর বুধবার হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দফতরে হাজির হলেন বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।

শেষ আপডেট: 30 July 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত বেটিং অ্যাপ প্রচার মামলায় ইডি-র তলবের পর বুধবার হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দফতরে হাজির হলেন বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। তদন্তে সহযোগিতা করতেই তাঁকে ডাকা হয়েছিল বলে ইডি সূত্রে খবর।
এই মামলায় ইতিমধ্যেই একাধিক দক্ষিণী অভিনেতা ও জনপ্রিয় মুখকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অবৈধ বেটিং অ্যাপ প্রচারের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছেন। এই প্রচার নাকি বহু মানুষকে অবৈধ অনলাইন বেটিংয়ের দিকে ঠেলে দিয়েছে।
ইতিমধ্যেই ইডি জানিয়েছে, প্রকাশ রাজ ছাড়াও বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগ্গুবাতি ও লক্ষ্মী মঞ্চুকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। রানা দাগ্গুবাতিকে তলব করা হয়েছিল ২৩ জুলাই। প্রকাশ রাজকে ৩০ জুলাই (আজ)। বিজয় দেবেরাকোন্ডাকে ৬ অগাস্ট আর লক্ষ্মী মঞ্চুকে ১৩ অগাস্ট।
তালিকায় রয়েছেন আরও বহু দক্ষিণী তারকা ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার— প্রণিতা সুভাষ, নিধি আগারওয়াল, অন্নয়া নাগাল্লা, শ্রীমুখী, সাই পল্লবী, রীতু চৌধুরী, ‘টেসটি তেজা’, শ্যামলা, হর্ষ সাই, ভাইয়া সানি যাদব, বিষ্ণু প্রিয়া, ইমরান খান সহ বহু চেনা মুখ।
ইডি জানিয়েছে, এই সমস্ত সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-র আওতায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, এঁরা সোশ্যাল মিডিয়ায় বেটিং অ্যাপ প্রচার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছেন, যাঁদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
FIR-এ বলা হয়েছে, এই অ্যাপগুলি বিপুল পরিমাণে টাকা লেনদেন করে এবং সোশ্যাল মিডিয়ায় তারকারা এগুলিকে প্রচার করায় বহু মানুষ এর ফাঁদে পা দিয়েছেন। ইডি সূত্রে খবর, তদন্তে দেখা যাচ্ছে, এই তারকাদের অ্যাপের তরফে মোটা অঙ্কের টাকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রোমোশনাল কনটেন্ট পোস্ট করানো হয়েছিল।