বিশ্বজুড়ে শিশুদের প্রিয় চরিত্র পেপা পিগের (Peppa Pig) পরিবারে এল ফুটফুটে এক মেয়ে।

শেষ আপডেট: 20 May 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে শিশুদের প্রিয় চরিত্র পেপা পিগের (Peppa Pig) পরিবারে এল ফুটফুটে এক মেয়ে। ২০ বছর পূর্ণ করল জনপ্রিয় এই অ্যানিমেটেড সিরিজ। সেই আনন্দ আরও বাড়িয়ে তুলল পেপার পরিবারের নতুন এই সদস্য।
পেপার ছোট বোনের নাম রাখা হয়েছে ইভি (Evie)। রাজকীয় কেতায় ঘোষণা করা হয়েছে তার জন্ম নেওয়ার কথা, যা নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
পেপা পিগের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, “পেপা এবং জর্জের একটি বেবি সিস্টার হয়েছে!” এই ঘোষণার ধরনটি অনেকটা ব্রিটিশ রাজপরিবারের নবজাতক রাজপুত্র বা রাজকুমারীর জন্ম-বার্তার মতোই। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ‘টাউন ক্রায়ার’ ঢাকঢোল পিটিয়ে এই খুশির খবর জানাচ্ছে সবাইকে, ঠিক যেমনটা রাজ পরিবারে জন্মের সময় দেখা যায়।
আরও চমকদার হল, সিরিজে দেখানো হয়েছে যে বেবি ইভির জন্ম হয়েছে লন্ডনের সেই বিখ্যাত সেন্ট মেরিজ হাসপাতালের লিন্ডো উইংয়ে (St Mary’s Hospital-এর Lindo Wing)—যেখানে রাজবধূ কেট মিডলটন তাঁর তিন সন্তানকে জন্ম দিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে রাজপরিবারের একটি নিঃশব্দ সাদৃশ্য তৈরি করে নির্মাতারা যেন এক নতুন মাত্রা যোগ করেছেন পেপা পিগ সিরিজে।
ইতিমধ্যেই ব্রিটেনের জনপ্রিয় টক শোতে প্রথমবার প্রকাশ্যে আসে ইভির ছবি এবং নাম। অনুষ্ঠানে রিচার্ড আর্নল্ড জানান, “ড্যাডি পিগ আমাদের সঙ্গে সদ্যোজাত ইভির কিছু ছবি শেয়ার করেছেন। বেবি ইভির নাম রাখা হয়েছে মামি পিগের প্রিয় গ্রেট আণ্টির নাম অনুসারে।” তিনি আরও জানান, ইভির জন্ম হয়েছে সকাল ৫টা ৩৪ মিনিটে।
মাম্মি পিগ এক সাক্ষাৎকারে বলেন, “নাম ঠিক করার প্রক্রিয়াটি সহজ ছিল না। তবে ‘ইভি’ নামটা বলতেই আমার ছোট্ট মেয়েটির চোখ দুটো এমনভাবে চকচক করে উঠল, যেন ও আগে থেকেই জানত ওর নাম এটাই।”
পেপা পরিবারে এই নতুন সংযোজনের উদযাপনে ৩০ মে মুক্তি পেতে চলেছে এক ঘণ্টার বিশেষ সিনেমা—পেপা মিটস দ্য বেবি (Peppa Meets The Baby)। এই সিনেমায় দেখা যাবে, কীভাবে পেপা এবং তার ভাই জর্জ তাদের নতুন বোনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে থাকছে আরও ১০টি পর্ব যেখানে থাকবে মজার নানা মুহূর্ত।

২০০৪ সালে আত্মপ্রকাশ করার পর পেপা পিগ আজ বিশ্বের ১৮০টিরও বেশি দেশে সম্প্রচারিত হচ্ছে এবং ৪০টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। তার ২০ বছর পূর্তির এই সন্ধিক্ষণে বেবি ইভির আগমন যেন নতুন প্রাণ এনে দিল পেপার দুনিয়ায়। এরই পাশাপাশি এই উপলক্ষ্যে ব্রিটেনে একটি বিশেষ স্মারক ডাকটিকিটও প্রকাশিত হয়েছে।
সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে মামি পিগের ‘মেটারনিটি শ্যুট’, যেখানে উঠে এসেছে আধুনিক মা হওয়ার অভিজ্ঞতা, খরচ এবং অভিভাবকত্বের নানা টিপস। সব মিলিয়ে, বেবি ইভির আগমনে শুধু শিশুদের নয়, বড়দের মনেও তৈরি হয়েছে আগ্রহ ও আবেগ।
পেপার পরিবারে এই খুশির খবর এখন বিশ্বজুড়ে শিশুদের কাছে এক নতুন আনন্দের গল্প। এবার দেখা যাক, ছোট্ট ইভি কীভাবে জায়গা করে নেয় শিশুদের প্রিয় এই পরিবারে।