‘হেরা ফেরি ৩’ বন্ধ হওয়ার গুঞ্জন, অক্ষয় কুমারের সঙ্গে বিবাদ ও ২৫ কোটির মামলা—সব জল্পনা উড়িয়ে কী বললেন পরেশ রাওয়াল?

‘হেরা ফেরি ৩’
শেষ আপডেট: 30 January 2026 11:47
দ্য ওয়াল ব্যুরো: কমেডিপ্রেমী দর্শকদের কাছে ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3 update) এমন একটি ছবি, যার জন্য দীর্ঘদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। এই ছবিতে ফের একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল (Paresh Rawal statement), এই ত্রয়ী মানেই দর্শকের কাছে হাসির গ্যারান্টি। তবে গত বছর এই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল বড়সড় বিতর্ক।
সোশ্যাল মিডিয়ার জোরেই আচমকা ছড়িয়ে পড়ে খবর, বন্ধ হয়ে গিয়েছে ‘হেরা ফেরি ৩’। দাবি করা হয়, পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে বিবাদ তৈরি হওয়াতেই ছবিটি অনিশ্চয়তার মুখে পড়ে। শোনা যায়, নির্মাতাদের সঙ্গে সমস্যা হওয়ায় পরেশ রাওয়াল হঠাৎ করেই ছবি থেকে সরে দাঁড়ান। আর তার জেরেই নাকি অক্ষয় কুমার পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেন।
তবে পরে ফের গুঞ্জন ওঠে, সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং পরেশ রাওয়াল আবার ছবিতে ফিরছেন। এমনকী, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শুরু হতে পারে বলেও শোনা যায়। তাহলে কি সত্যিই সব বিবাদ মিটে গিয়েছে?
এই প্রসঙ্গে সম্প্রতি ‘দ্য কমেডি ফ্যাক্টরি’-র সঙ্গে কথোপকথনে মুখ খুলেছেন পরেশ রাওয়াল। তিনি বলেন, “ছবিটি নিয়ে যা কিছু রটেছিল, তার অনেকটাই সত্যি নয়, কারণ ছাড়াই অনেক কথা ছড়িয়ে পড়েছিল। এমনও শোনা গিয়েছিল, অক্ষয় কুমার নাকি আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন। কিন্তু এর কোনওটাই সত্যি নয়।” পরেশের কথায়, “প্রযোজক ও অভিনেতার সঙ্গে আমার কোনও বিবাদ হয়নি। সব কিছু মিটে গেলে আমি কাগজপত্রে সই করে দেব।”
উল্লেখযোগ্য, ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ মুক্তি পেয়েছিল। সেই ছবির হাত ধরেই বলিউডে কমেডি ঘরানায় এক নতুন দিশা দেখা যায়। অক্ষয় কুমার ও সুনীল শেট্টিও এই ছবির মাধ্যমেই কমেডি চরিত্রে বিশেষ পরিচিতি পান। ২০০৬ সালে মুক্তি পায় ছবির দ্বিতীয় পর্ব। এবার দর্শকদের প্রত্যাশা, সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় ‘হেরা ফেরি ৩’।