
নিন্দে হতেই সরব স্বামী
শেষ আপডেট: 11 July 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী শেফালি জারিওয়ালার। মৃত্যুর পরও যেন থামছে না বিতর্ক। এই বার প্রশ্ন উঠছে—স্ত্রীর চলে যাওয়ার পর কি খ্যাতির খোঁজে নেমেছেন স্বামী পরাগ ত্যাগী? এমনটাই দাবি করছেন নেটিজেনদের একাংশ। কিন্তু কেন?
‘কাঁটা লগা’ খ্যাত অভিনেত্রী শেফালী প্রয়াত হয়েছেন ২৭ জুন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে। সেই থেকেই স্ত্রীর স্মৃতিচারণে ব্যস্ত স্বামী পরাগ। সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে স্ত্রীর কথা জানাচ্ছেন, ভাগ করে নিচ্ছেন তাঁদের ব্যক্তিগত মুহূর্ত। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন কিছু মানুষ। তাঁদের দাবি, “পরাগ আসলে শেফালীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাইমলাইটে আসতে চাইছেন।”
সম্প্রতি এক আবেগঘন ছবি শেয়ার করেন পরাগ। ছবিতে দেখা যাচ্ছে, শেফালীর হাতে হাত ধরে আছেন তিনি। ক্যাপশনে লেখেন, “আমরা চিরকাল একসঙ্গে আছি, থাকব।” শুধু পোস্ট নয়, স্ত্রীর স্মৃতিতে গাছ লাগিয়েও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন পরাগ। একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, “পরী প্রকৃতিকে ভালবাসত। ওর জন্যই এই গাছ লাগালাম। এই ভাবেই আমি ওর ভালবাসাকে ছড়িয়ে দিতে চাই।”
![]()
আর তাতেই ক্ষুণ্ণ নেটিজেনদের একটা বড় অংশ। সমাজমাধ্যমে কড়া ভাষায় তাঁরা দুষছেন পরাগকেই। শেফালির থেকে জনপ্রিয়তার নিরিখে খানিক পিছিয়েই ছিলেন পরাগ। তাঁর চলে যাওয়াকে হাতিয়ার করেই এবার সামাজিক মাধ্যমে জনপ্রিয় হতে চাইছেন স্বামী-- এমনটাই অভিযোগ তাঁদের। যদিও এই অভিযোগ উঠতেই মুখ খুলেছেন পরাগ নিজেই।
তিনি বলেন, " পরী (শেফালী) সমাজমাধ্যম ভালবাসত। মানুষকে পাশে পেতে চাইত। আমি সেই ভালবাসাকেই বাঁচিয়ে রাখতে চাই।” শেফালীর মৃত্যুর কারণ নিয়ে রটেছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন, বয়স ধরে রাখার ওষুধ অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও চিকিৎসক বা পরিবারের তরফে কিছু জানানো হয়নি।