শান্ত, সাদামাটা একটা গ্রাম—ফুলেরা। রাজপথের ধারে নয়, কিন্তু রাজনীতির রেশ লেগে গিয়েছে এখানেও। আর এই গ্রামের দৈনন্দিন জীবনযাত্রা পাল্টে দিতে এসেছিল এক সরকারি কর্মী পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠী।

‘পঞ্চায়েত সিজন ৪’
শেষ আপডেট: 4 June 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: শান্ত, সাদামাটা একটা গ্রাম—ফুলেরা। রাজপথের ধারে নয়, কিন্তু রাজনীতির রেশ লেগে গিয়েছে এখানেও। আর এই গ্রামের দৈনন্দিন জীবনযাত্রা পাল্টে দিতে এসেছিল এক সরকারি কর্মী পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠী। তার আগমনে বদলে যায় গ্রামের চালচিত্র। কখনও সে গ্রামবাসীদের আপনজন, কখনও ষড়যন্ত্রের নিশানায়।
এই টানাপোড়েনের মধ্যেই গড়ে উঠেছে এক বহুলচর্চিত ওটিটি সিরিজ‘পঞ্চায়েত’। ইতিমধ্যেই এই সিরিজের তিনটি সিজন দর্শকদের মন জয় করেছে। চরিত্র, সংলাপ, পরিস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য বাস্তবঘন গল্প। আর সেই গল্পই ফের একবার ফিরছে। বহু প্রতীক্ষার অবসান, ঘোষণা হয়েছে ‘পঞ্চায়েত সিজন ৪’-এর মুক্তির দিন।
তবে এখনও মুক্তি পায়নি ট্রেলার। গত মাসে প্রকাশিত একটি সংক্ষিপ্ত টিজারে ছিল এক ঝলক ইঙ্গিত—আর এবার মিলেছে নিশ্চিত খবর: ২ জুলাই মুক্তি পাবে নতুন সিজন। আগের মতই অ্যামাজন প্রাইম ভিডিও-তেই স্ট্রিম হবে এই মরসুম, যেখানে থাকবে ৮টি নতুন পর্ব।
এই সিজ়নেও সচিব অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় ফিরছেন জিতেন্দ্র কুমার। পাশাপাশি থাকছেন পরিচিত মুখগুলি—নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা। চতুর্থ সিজ়নে গল্প আরও আকর্ষণীয় হতে চলেছে। শুধু রাজনৈতিক চালচিত্র নয়, ব্যক্তিগত সম্পর্কেও আসবে নতুন মোড়। অভিষেক এবং রিঙ্কির সম্পর্ক নিয়ে নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।
‘পঞ্চায়েত’ বরাবরই ছিল শুধুমাত্র গ্রামের গল্প নয়, এক তরুণ অফিসারের ভেতরের দ্বন্দ্ব, কর্তব্য, সম্পর্ক, সংকট আর মানবিকতার মিশেলে এক সরল অথচ চিন্তনীয় ছবি। দর্শকরা আশা করছেন, চতুর্থ সিজ়নেও সেই মাধুর্য অটুট থাকবে। এবার শুধু দিন গুনে যাওয়ার পালা—২ জুলাই, আবার ফিরবে ফুলেরা, আবার আমরা মুখোমুখি হব পঞ্চায়েত সচিবের সঙ্গে।