আবারও ভারত সফরে এসে আড্ডা জমালেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। সোমবার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে নিজের সফরের নানা ঝলক শেয়ার করলেন তিনি।

ব্রিটিশ গায়ক এড শিরান
শেষ আপডেট: 3 June 2025 22:05
দ্য ওয়াল ব্যুরো: আবারও ভারত সফরে এসে আড্ডা জমালেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। সোমবার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে নিজের সফরের নানা ঝলক শেয়ার করলেন তিনি। সেখানেই দেখা গেল, নতুন গান ‘স্যাফায়ার’-এর টিজারের সঙ্গে জুড়ে গিয়েছে শাহরুখ খান ও অরিজিৎ সিংয়ের সঙ্গেও বিশেষ মুহূর্ত।
ছোট্ট একটি ক্লিপে দেখা যায়, এড শিরান গাইছেন, আর পেছন থেকে হঠাৎ এসে ‘স্যাফায়ার’-এর হুক লাইন গেয়ে উঠছেন শাহরুখ খান। অন্য একটি ছবিতে, অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি নৌকায় দাঁড়িয়ে কফি উপভোগ করছেন এড। সেই মুহূর্তকেও ক্যামেরাবন্দি করেছেন গায়ক।
এই সফরে ভারতীয় সংস্কৃতির নানা দিক ছুঁয়ে দেখেছেন এড। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কখনও তিনি হিন্দিতে গান গাইছেন, কখনও ভারতীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। এমনকি, পাঞ্জাবি ভাষায় একটি উক্তি ট্যাটু করিয়ে নিয়েছেন শরীরে। একটি কলেজে গিয়েও ছাত্রছাত্রীদের নাচের পারফরম্যান্স রেকর্ড করেছেন, পরে তাদের সঙ্গে সেলফিও তুলেছেন।
নিজের পোস্টে এড লিখেছেন, “আমি সিনেমা হলে ‘বাহুবলী’ দেখেছি, কিন্তু বাস্তবে সেটে গিয়ে দাঁড়িয়ে পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।” এড আরও জানান, এই সফরে তিনি ছোটবেলায় শেখা বুজৌকি নামের একটি বাদ্যযন্ত্র বাজিয়েছেন, যা একসময় তিনি শুধু আইরিশ বলেই ভাবতেন। কিন্তু এবার বুঝেছেন, তা বিশ্বজুড়েই ব্যবহৃত হয়।
শাহরুখ খানের সঙ্গে ছবি শেয়ার করে এড লেখেন, “এই লোকটাকে আমি খুব ভালবাসি।” আর অরিজিত সিংয়ের প্রসঙ্গে বলেন, “যাদের সঙ্গে গান রেকর্ড করেছি, তাদের মধ্যে এরা সেরা।” নতুন গান ‘স্যাফায়ার’-এর ভিডিওতেও সে সুরঝলক ধরা পড়েছে।
ভারতে এই প্রথমবার নয়। এর আগেও বহুবার এসেছেন এড। প্রতিবারই ভারতীয় শিল্পীদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং দর্শকদের সামনে মঞ্চ মাতিয়েছেন। এই বছর শুরুতে তিনি তাঁর জনপ্রিয় ট্যুর নিয়ে পারফর্ম করেছেন পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও শিলং-এ। দিল্লি-এনসিআরেও সেই ট্যুরের অংশ হয় এই সফরে।