দ্য ওয়ালের কাছে পদত্যাগকারী পরিচালকদের তালিকা হাতে এসে পৌছনো মাত্রই যোগাযোগ করা হয়েছিল পরিচালক সৌমেন হালদারের সঙ্গে। নতুন ডিরেক্টরস গিল্ডে ভাইস প্রেসিডেন্ট পদে দীর্ঘদিন আসিন ছিলেন সৌমেন। দ্য ওয়ালকে এই খবরের মান্যতা দিয়ে তিনি কী বললেন?
.png.webp)
শেষ আপডেট: 3 June 2025 21:31
সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ-নন্দিতা আগেই ছেড়েছেন, এবার যেন তাঁদের পথই অনুসরণ করলেন টলিপাড়ার আরও একগুচ্ছ পরিচালক। ছাড়লেন নতুন ডিরেক্টরস গিল্ডের সদস্যপদ। তালিকায় রয়েছেন, সৃজিত রায়, সৌমেন হালদার, সুদীপ নাগ, নীতিন মান্না, অয়ন চক্রবর্তী, পম্পি ঘোষ মুখোপাধ্যায়সহ আরও বেশ কিছু পরিচালক।
দ্য ওয়ালের কাছে পদত্যাগকারী পরিচালকদের তালিকা হাতে এসে পৌছনো মাত্রই যোগাযোগ করা হয়েছিল পরিচালক সৌমেন হালদারের সঙ্গে। নতুন ডিরেক্টরস গিল্ডে ভাইস প্রেসিডেন্ট পদে দীর্ঘদিন আসীন ছিলেন সৌমেন। দ্য ওয়ালকে এই খবরের মান্যতা দিয়ে তিনি বলেন, "হ্যাঁ ছেড়েছি। তবে এই মুহূর্তে পুরনো ডিরেক্টরস গিল্ড অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনে যোগ দেব কিনা তা নিশ্চিত নয়।"
যোগাযোগ করা হয়েছিল, নতুন গিল্ডের সেক্রেটারি সুদেষ্ণা রায়ের সঙ্গেও। তিনি বলেন, "ওঁরা পদত্যাগ করেছেন তা আমি জানি। তবে এ নিয়ে আমি কিছু বলতে চাই না। ওঁদের ব্যক্তিগত ব্যাপার। আগামীকাল আমার ছবির ইভেন্ট রয়েছে। আমি খুব ব্যস্ত। এই মুহূর্তে এর বাইরে এই বিষয় নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না।" জানা গিয়েছে, এ দিন ফেডারেশনকে ই-মেল মারফৎ পদত্যাগের খবর পৌঁছে দিয়েছেন উক্ত পরিচালকেরা। যদিও এই বিষয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
ফেডারেশন ও পরিচালকদের তরজার বহুদিনের। এর মধ্যেই নতুন গিল্ড ছাড়ার যেন ধুম পড়েছে পরিচালকদের। প্রসঙ্গত, গত ১ মার্চ পুরনো গিল্ড অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (EIMDA-Directors) বার্ষিক সাধারণ সভায় যৌথ সিদ্ধান্তে ঠিক হয় দুটি পদ। প্রথমটি, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় অনুপ সেনগুপ্তকে। অন্যদিকে ওই সংস্থার প্রধান উপদেষ্টা পদে আসীন হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তরজা এড়াতেই কি পরিচালকদের দল বেঁধে নতুন গিল্ড ছাড়ার হিড়িক? টলিপাড়ায় উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে নতুন গিল্ডের 'অস্তিত্ব সঙ্কট' নিয়েও।