ফুলেরা ভোটের ময়দানে এবার আপনি বিচারক! অর্থাৎ এবার আর শুধু ফুলেরা গ্রামবাসীরা ভোট দেবে না। এবার ভোটার আপনি, আমিও।

‘পঞ্চায়েত ৪’
শেষ আপডেট: 6 June 2025 20:11
দ্য় ওয়াল ব্যুরো: ‘পঞ্চায়েত’ মানেই ফুলেরা গ্রামের সরলতা, রাজনৈতিক ছলচাতুরি আর একগাল হাসির মিশেলে নির্মিত এক অসাধারণ সিরিজ। তিনটে মরসুম মন কেড়েছে লাখো দর্শকের। এখন অপেক্ষা চতুর্থের। আর সেই অপেক্ষাকেও এবার মজা আর উত্তেজনায় রঙিন করে তুললেন নির্মাতারা। প্রথমে জানা গিয়েছিল, ‘পঞ্চায়েত ৪’ মুক্তি পাবে ২ জুলাই। কিন্তু এখন খবর—আপনি চাইলে সিরিজটা তার আগেই দেখতে পারেন! কীভাবে? খুবই সহজ—আপনাকে শুধু ভোট দিতে হবে!
অর্থাৎ ফুলেরা ভোটের ময়দানে এবার আপনি বিচারক! অর্থাৎ এবার আর শুধু ফুলেরা গ্রামবাসীরা ভোট দেবে না। এবার ভোটার আপনি। কারণ পঞ্চায়েতে এবার নির্বাচনের মঞ্চে মুখোমুখি দুই প্রার্থী—মঞ্জু দেবী বনাম ক্রান্তি দেবী। কার হাতে ফুলের মালা পড়বে, সেটা ঠিক করবেন দর্শকরাই। আর এই ভোটেই লুকিয়ে আছে ‘পঞ্চায়েত ৪’-এর আগাম মুক্তির চাবিকাঠি।
প্রাইম ভিডিও রিলিজ করেছে এক দুর্দান্ত প্রচার ভিডিও। তাতে দেখা যাচ্ছে, প্রধানজি, রিঙ্কি আর বিকাশ একযোগে প্রচারের তোড়জোড় করছেন মঞ্জু দেবীর হয়ে। এমনকি তাঁরা দলের থিম সং বানিয়ে ফেলেছেন, যাতে উন্নত রাস্তা, এয়ারব্যাগ দেওয়া সাইকেল, ভাল বিদ্যুৎ—সবই আছে প্রতিশ্রুতিতে।
অন্যদিকে ভূষণ আর বিনোদের নেতৃত্বে ক্রান্তি দেবীর দলও চালিয়ে দিচ্ছে পাল্টা প্রচার। তারাও গানের মাধ্যমে দিচ্ছে আরও দায়িত্বশীল উন্নয়নের আশ্বাস। কিন্তু আসল চমক তখনই, যখন হঠাৎ সচিবজি (জীতেন্দ্র কুমার) এসে সবাইকে থামিয়ে বলেন, "ফুলেরার জন্য তো সবাই বলছেন, কিন্তু দর্শকদের জন্য কে কী ভাবছেন?"
ভিডিওর শেষে মঞ্জু দেবী বলেন, "যদি আমাদের ভোট দেন, তবে ২ জুলাইয়ের আগেই নিয়ে আসব ‘পঞ্চায়েত ৪’।" আর ক্রান্তি দেবীর ঘোষণা, "আপনি যদি আমাদের ভোট দেন, তাহলে আমরা তার থেকেও আগে আনব!"
ফলে বুঝতেই পারছেন আপনার কাজ একটাই—ভিজিট করুন www.panchayatvoting. com (http://www.panchayatvoting. com), ভোট দিন আপনার পছন্দের প্রার্থীকে এবং ঠিক করুন—‘পঞ্চায়েত ৪’ আপনি কবে দেখতে চান!