স্মৃতি মন্ধনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রথমবার কাজে ফিরলেন পলাশ মুছল। গান নয়, এবার পরিচালক হিসেবে তাঁর নতুন ইনিংস।

পলাশ মুচ্ছল
শেষ আপডেট: 20 January 2026 20:26
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মন্ধনার (Smriti Mandhana) সঙ্গে সম্পর্ক এখন অতীত। সেই অধ্যায় পেছনে ফেলে নতুন করে কাজে মন দিলেন পলাশ মুচ্ছল (Palash Muchhal)। তবে এবার তাঁর প্রত্যাবর্তন গানের জগতে নয়, একেবারে ভিন্ন ভূমিকায়, চলচ্চিত্র পরিচালক হিসেবে। সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে, যা জানিয়েছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি পলাশের পরিচালনায় আসার বিষয়টি নিশ্চিত করেন।
এই নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, ছবির মুখ্য ভূমিকায় থাকছেন শ্রেয়স তলপাড়ে। চিত্রনাট্য বা গল্পের খুঁটিনাটি নিয়ে আপাতত নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। ছবির শুটিং হবে মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে এবং আগামী মাস থেকেই ক্যামেরার কাজ শুরু হওয়ার কথা।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে স্মৃতি মন্ধনা ও পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই সময়ই পলাশকে ঘিরে ওঠে বিতর্ক। এক তরুণীর শেয়ার করা কিছু মেসেজ প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। সেই ঘটনার পরই স্মৃতি সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এবং বিয়েও ভেঙে দেন।
এই সব ঘটনার পর বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন পলাশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলে এবার আবার কাজে ফিরলেন তিনি। নতুন ছবির পরিচালনার মাধ্যমে পলাশ মুছলের এই নতুন ইনিংস ঘিরে এখন কৌতূহল ইন্ডাস্ট্রির অন্দরমহলেও।