দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সে ফিরছে জনপ্রিয় সিরিজ ‘কোহরা সিজন ২’। বরুণ সোবতির সঙ্গে এবার যুক্ত হচ্ছেন মোনা সিং। কবে থেকে শুরু স্ট্রিমিং?

‘কোহরা সিজন ২’
শেষ আপডেট: 20 January 2026 18:16
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে ওটিটি দুনিয়ায় প্রবল আলোড়ন তুলেছিল নেটফ্লিক্সের (Netflix Announces Release Date) অরিজিনাল সিরিজ ‘কোহরা’। পাঞ্জাবের এক গ্রামীণ প্রেক্ষাপটে ঘটে যাওয়া খুনের রহস্যকে কেন্দ্র করে এগোনো টানটান গল্প দর্শকদের শুরু থেকেই ধরে রেখেছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই জনপ্রিয় সিরিজই ফিরছে নতুন অধ্যায় নিয়ে। আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে ‘কোহরা’ সিজন ২ (Kohraa Season 2), যেখানে শুরু হবে আরেকটি নতুন তদন্তের গল্প।
নতুন সিজনে থাকছে বড় চমক। প্রথম সিজনে পুলিশের চরিত্রে বরুণ সোবতির (Varun Sobti) অভিনয় আজও দর্শকদের মনে তাজা। অমরিন্দর সিংয়ের ভূমিকায় তিনি আবারও ফিরছেন দ্বিতীয় সিজনে। তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল বহুমুখী অভিনেত্রী মোনা সিং। বরুণ সোবতি ও মোনা সিংয়ের নতুন জুটি এবং তাঁদের মধ্যে গড়ে ওঠা তদন্তের সমীকরণ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলাদা কৌতূহল।
দ্বিতীয় সিজনের গল্পেও পরিচিত সেই ধূসর, রহস্যময় পাঞ্জাবি আবহ বজায় রেখেছেন নির্মাতারা। পরিচালক সুদীপ শর্মা এবং রণদীপ ঝা এবারও গল্পের আবহে গা ছমছমে টান ধরে রেখেছেন। টিজার ও পোস্টার থেকে ইঙ্গিত মিলছে, নতুন সিজনে একটি নতুন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বে একাধিক পারিবারিক জটিলতা। ‘কোহরা’ শুধু একটি মার্ডার মিস্ট্রি নয়, মানুষের মনের অন্ধকার দিকগুলোকে খুঁটিয়ে দেখার যে ধারা প্রথম সিজনে তৈরি হয়েছিল, দ্বিতীয় সিজনেও তা অটুট থাকছে।
নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দ্বিতীয় সিজনের ঘোষণা করার পর থেকেই ওটিটি অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রথম সিজন শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের রেশ ধরেই ‘কোহরা’ সিজন ২ ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।