KD: The Devil-এর ‘সরকে চুনর’ গান ঘিরে বিতর্কে তলব নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত-কে। অশ্লীলতার অভিযোগে হস্তক্ষেপ করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেন।

‘সরকে চুনর’
শেষ আপডেট: 19 March 2026 17:35
দ্য ওয়াল ব্যুরো: কন্নড় প্যান-ইন্ডিয়া ছবি KD: The Devil-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ (Sarke Chunar Teri Sarke) ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র আকার নিচ্ছে। গত কয়েকদিন ধরেই এই গানকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, গানের কথা এবং কোরিওগ্রাফি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও অশালীন। এই গানে পারফর্ম করতে দেখা গিয়েছে নোরা ফতেহি (Nora Fatehi) এবং সঞ্জয় দত্ত-কে (Sanjay Dutt)।
এই বিতর্কের জেরে পদক্ষেপ করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেন (এনসিডব্লিউ)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অশ্লীলতা ও অশালীনতার অভিযোগে নোরা ফতেহি, সঞ্জয় দত্ত-সহ একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে। পাশাপাশি সমন গিয়েছে গায়ক বাদশার কাছেও। নির্দিষ্ট দিনে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁদের। কমিশনের বক্তব্য, প্রাথমিকভাবে গানের বিষয়বস্তু যৌন ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের বিভিন্ন ধারার পরিপন্থী হতে পারে।
এনসিডব্লিউ জানিয়েছে, তারা এনসিডব্লিউ আইন, ১৯৯০ অনুযায়ী স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়টি গ্রহণ করেছে। পাশাপাশি গীতিকার রাকিব আলম, কেভিএন গ্রুপের প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং কিরণ কুমারকেও ২৪ মার্চ কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুপস্থিত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই গানটি পরিচালনা করেছেন প্রেমস। অভিযোগ, গানের শুরুতেই দ্ব্যর্থবোধক ভাষায় যৌনতার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে বোঝানো হয়েছে, সেটি আসলে একটি পানীয় ও বোতলকে কেন্দ্র করে লেখা। তবুও গানের কোরিওগ্রাফি নিয়েও সমালোচনা থামেনি—নৃত্যশিল্পীকে বস্তুগতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সোমবার প্রকাশিত এই গানের লিরিক্যাল ভিডিও ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আনন্দ অডিও-র মাধ্যমে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় গানটি প্রকাশ করা হলেও বুধবারের মধ্যে হিন্দি সংস্করণটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না।
এই বিতর্ক নিয়ে নোরা ফতেহি নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি এই ধরনের বিষয়বস্তুকে সমর্থন করেন না। ক্যাপশনে তিনি লিখেছেন, এই সমালোচনার জন্য তিনি কৃতজ্ঞ, কারণ দর্শকদের চাপে নির্মাতারা শেষ পর্যন্ত গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।