বয়স যে শুধুই একটা সংখ্যা, তা বারবারই প্রমাণ করেন অভিনেত্রী নীনা গুপ্তা। নিজের অভিনয়, স্টাইল আর খোলামেলা ভাবনাচিন্তার জন্য বরাবরই চর্চায় তিনি।

নীনা গুপ্তা
শেষ আপডেট: 27 June 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা বারবারই প্রমাণ করেন অভিনেত্রী নীনা গুপ্তা। নিজের অভিনয়, স্টাইল আর খোলামেলা ভাবনাচিন্তার জন্য বরাবরই চর্চায় তিনি। ছোট-বড় পর্দা মিলিয়ে বহু জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন এই ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ তারকা। কিন্তু বিপুল সংখ্যক মানুষের মন জয় করে নিয়েছে ‘পঞ্চায়েত' ওয়েব সিরিজে তাঁর লুক। শান্ত অথচ দৃঢ়, মাথায় ঘোমটা দিয়ে থাকা দেহাতি বউয়ের চরিত্র। এত কিছুর পরেও একটা স্বপ্ন তাঁর কাছে অপূর্ণ থেকে গেছে—হলিউডে অভিনয়।
সম্প্রতি করিনা কাপুর খানের টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে সে কথাই জানালেন নীনা। বললেন, একবার ‘টেনেট’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন, এমনকি লস অ্যাঞ্জেলস পর্যন্ত গিয়েছিলেন পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে দেখা করতে। নীনা বলেন, “আমি এখানে অডিশন দিয়েছিলাম। এরপর পাঁচজন মহিলাকে বেছে নেওয়া হয়। তারপরে আমি এলএ-তে গিয়ে নোলানের সঙ্গে দেখা করে ফিরে আসি। শেষ পর্যন্ত ডিম্পল কাপাডিয়া ছবিতে অভিনয় করেন। আর মজার ব্যাপার হল, ও তো এলএ-তেই যায়নি!”
জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী হেসে বলেন, “আমি যদি ডিম্পলের সঙ্গে দেখা করি, তাহলে বলব—তুই তো এলএ যাসইনি!” তবে নীনা এই কথাও স্বীকার করেন, একটি চরিত্রে কে অভিনয় করবেন, তা সম্পূর্ণ নির্ভর করে পরিচালকের ভাবনার উপর। বলেন, "ওটা পরিচালক ঠিক করবে। এটা নিয়ে কিছু বলার থাকে না।"
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ছবিটি বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩,১০০ কোটি টাকা) আয় করেছিল। ছবিটি সেরা ভিজ্যুয়াল এফেক্টস ক্যাটাগরিতে অস্কারও জেতে। এছাড়াও এটি সেরা প্রোডাকশন ডিজাইনের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায়। ডিম্পল কাপাডিয়ার অভিনয় ছবিতে বিশেষ প্রশংসা কুড়িয়েছিল বিশ্বজুড়ে।