অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর অন্যতম আকর্ষণ চরিত্র ‘বিনোদ’। 'দেখ রহা হ্যাঁ বিনোদ' সংলাপের 'বিনোদ' সেজে সোশ্যাল মিডিয়া মাত করেছিলেন অভিনেতা অশোক পাঠক।

অশোক পাঠক
শেষ আপডেট: 27 June 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর অন্যতম আকর্ষণ চরিত্র ‘বিনোদ’। 'দেখ রহা হ্যাঁ বিনোদ' সংলাপের 'বিনোদ' সেজে সোশ্যাল মিডিয়া মাত করেছিলেন অভিনেতা অশোক পাঠক। কিন্তু ক্যামেরার বাইরেও রয়েছে তাঁর কঠিন বাস্তবের গল্প—দারিদ্র, পরিশ্রম, প্রত্যাখ্যান আর হাল না ছাড়ার লড়াই।
১৯৮৫ সালের ৩ জানুয়ারি বিহারের সিওয়ানের দরভেড়পুর গ্রামে জন্ম অশোক পাঠকের। বাবা কয়লার চুল্লিতে কাজ করতেন, কাকা তুলা বিক্রি করতেন। সেই ছোটবেলায়ই সংসারে সাহায্য করতে সাইকেলে ২০ কিমি দূরে গিয়ে তুলা বিক্রি করতেন তিনি। নবম শ্রেণিতে পড়ার সময়ই পরিবারের জন্য রোজগার শুরু করেছিলেন। সেই সময়ই নেশায় জড়িয়েছিলেন, ধূমপান ও তামাক খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।
হরিয়ানার হিসারে পড়াশোনা করেন অশোক। কলেজে থিয়েটারে সেরা অভিনেতার পুরস্কারও জেতেন। এরপর দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় (NSD) আবেদন করেন, কিন্তু নির্বাচিত হননি। সেই দুঃখে কেঁদে কেঁদে কাটিয়েছিলেন বহুদিন। তবে বাবার উৎসাহে পাড়ি দেন মুম্বইয়ে, সঙ্গে ছিল ৪০ হাজার টাকা।

মুম্বইয়ে প্রথম বিজ্ঞাপনে পেয়েছিলেন ৭০ হাজার টাকা—যা তাঁর কাছে ছিল অবিশ্বাস্য। ছোটখাটো চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেন। ‘বিত্তু বস’-এর মতো ছবিতে কাজ করেন, কিন্তু বক্স অফিসে সাফল্য আসেনি। এরপর সিকিউরিটি গার্ড, ড্রাইভার, রিকশাচালক—এমন চরিত্রেই কেবল ডাক পেতেন।
এমন সময় 'পঞ্চায়েত'-এর 'বিনোদ' চরিত্রের জন্য ডাক আসে। অশোক ভেবেছিলেন, এও বুঝি একইরকম ছোট চরিত্র। অডিশন করতে চাইছিলেন না। পরে বন্ধুর অনুরোধে অডিশন দেন, আর বাকিটা ইতিহাস। দর্শকদের ভালবাসায় 'বিনোদ' হয়ে ওঠেন সিরিজের এক অবিচ্ছেদ্য অংশ।

'পঞ্চায়েত'-এর দ্বিতীয় সিজন তাঁকে এনে দেয় নতুন পরিচিতি। তাঁর সরলতা, কমেডি টাইমিং এবং ‘বানরাকাস’-এর সঙ্গে জুটি দর্শকদের মুগ্ধ করে। ‘লাপাতা লেডিজ’-এ পুলিশের ভূমিকাও প্রশংসা পায়। তবে অশোক পাঠক জানান, আজও কোনও বড় প্রযোজনা সংস্থা তাঁকে ডাকেনি। তিনি বলেন, “সবাই আমার নাম জানে, কিন্তু কেউ সুযোগ দেয় না। আমি এখনও অডিশনের জন্য ছোট প্রযোজকদের পিছনে ঘুরি।”