যশ চোপড়ার পরিবারের লোকদেরও পছন্দ ছিল মমতাজকে। হিন্দু-মুসলিম বিয়ে কোনও বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। কিন্তু কোন কারণে ভাঙল চোপড়া বাড়িতে মমতাজের বিয়ে?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 31 July 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়ে নায়িকাদের সবথেকে চাহিদাসম্পন্ন স্বামীর তালিকায় থাকেন বড় প্রযোজকরা। এমন বিয়ে করলে অভিনেত্রীদের পরপর ছবিতে নায়িকার রোল পাবার পথ সুগম হয়ে যায়। টলিউড কী বলিউড, বেশিরভাগ প্রতিষ্ঠিত নায়িকারাই প্রযোজকদেরই বিয়ে করতে রাজি হন সবসময়। যার ফলে নায়িকাদের কেরিয়ারে ঢলতি দিক এলেও তাঁদের বাজার কখনও পড়ে না। কিন্তু সেভেন্টিজ বিউটি মমতাজের (Mumtaz) জীবনে ঘটেছিল উল্টো ঘটনা। বলিপাড়ার বিখ্যাত প্রযোজকের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যায় ছবি না করার শর্তে।
বোল্ড, বিউটিফুল, সেক্সি নায়িকা মমতাজের মতো খুব কম অভিনেত্রী এসেছে ইন্ডাস্ট্রিতে (Bollywood Industry)। ১৯৪৭ সালের ৩১ জুলাই এক ইরানি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মমতাজ আসকারি। তাঁর জন্মের এক বছরের মাথায় তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়।

একজন বি গ্রেড অভিনেত্রী হয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকে ক্রমশ টপ হিরোইন হন মমতাজ। বহু অভিনেতা, প্রযোজক তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। ফিরোজ খান, শাম্মি কাপুর থেকে যশ চোপড়া ছিলেন এই তালিকায়। যশ চোপড়ার পরিবারের লোকদেরও পছন্দ ছিল মমতাজকে। হিন্দু-মুসলিম বিয়ে কোনও বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। কিন্তু কোন কারণে ভাঙল চোপড়া বাড়িতে মমতাজের বিয়ে?
কী ভাবে প্রেম ঘটেছিল তাঁদের? প্রথম দিকে যশ চোপড়ার নিজের প্রযোজক সংস্থা ছিল না। তিনি দাদার সঙ্গে কাজ করতেন। দাদা ছবি প্রযোজনা করতেন এবং সেই ছবি পরিচালনা করতেন তিনি।
সেসময় ধর্মেন্দ্র আর সায়রা বানুকে নিয়ে একটি ছবি পরিচালনা করছিলেন। সেই ছবিতে মমতাজও ছিলেন, কিন্তু পার্শ্বচরিত্রে।
এই ছবির শুটিংয়েই মমতাজের প্রেমে পড়েন যশ চোপড়া। প্রেমে পড়ে মমতাজের রোল বড় করে, সায়রা বানুর রোল ছোট করে দেন যশ চোপড়া।
ছবিটার নাম ছিল ‘আদমি অউর ইনসান’। ছবি মুক্তি পাওয়ার পর দেখা গিয়েছিল মমতাজই ছবির মুখ্য চরিত্র হয়ে উঠেছেন। যার ফলে যশের উপর ভীষণ বিরক্ত হয়েছিলেন ধর্মেন্দ্র আর মমতাজ।
এই ছবির পরপরই যশের দাদা বি.আর.চোপড়া মমতাজের বাড়িতে ভাইয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তাতে রাজিও হয়ে যান মমতাজ। ভিন ধর্ম বাধার কারণ হয়নি।
কিন্তু যশের পরিবার শর্ত রাখে মমতাজকে অভিনয় জগৎ থেকে সরে আসতে হবে। যে কারণে মমতাজ ফিরিয়ে দেন এই বিয়ের প্রস্তাব। যশকে ভালবেসে, নিজের প্রথম ভালবাসা অভিনয়কে ছাড়েননি মমতাজ।
ব্যর্থ হৃদয়ে যশ তার কয়েক বছর পরই পামেলা চোপড়াকে বিয়ে করেন। মমতাজের কথা যশের কাছে জানতেও চান পামেলা। নেহাত বন্ধু বলেই প্রসঙ্গ উড়িয়ে দিয়েছিলেন যশ। যদিও পামেলা ভালভাবেই জানতেন বিষয়টি এতটাও সহজ নয়।

কিন্তু মমতাজ নিজের শর্তে জীবন কাটাতে পারেননি। ৪ বছর পর মমতাজও এক গুজরাতি ব্যবসায়ীকে বিয়ে করেন। আর বিয়ের পর তাঁকে অভিনয়ও ছাড়তেই হয়। এই শর্ত প্রথমেই মেনে নিলে যশ প্রোডাকশানের মালকিন হতেন মমতাজ। তবে তা হতে পারেননি বলে হতাশা নেই মমতাজের মনে।