‘সাইয়ারা’ দিয়ে বলিউডে ঝড় তোলা আহান পান্ডে আসলে যশরাজ ফিল্মসে ডেবিউ করতে যাচ্ছিলেন। কোভিডে বন্ধ হয়ে যায় সেই প্রকল্প।

আহান পান্ডে
শেষ আপডেট: 30 July 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলেছে আহান পান্ডের প্রথম ছবি ‘সাইয়ারা’। মুক্তির মাত্র ১২ দিনেই ছবিটি ২৫০ কোটির বেশি আয় করে ফেলেছে। এই সাফল্যের সুবাদে বলিউডে নতুন তারকা হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন আহান। কিন্তু জানেন কি, ‘সাইয়ারা’ই ছিল না তাঁর প্রথম ছবির পরিকল্পনা?
সম্প্রতি পরিচালক মোহিত সুরি একটি সাক্ষাৎকারে জানালেন, আহান পান্ডের আসল বলিউড ডেবিউ হওয়ার কথা ছিল যশরাজ ফিল্মসের ব্যানারে। সাত বছর ধরে ওই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কোভিড-১৯ মহামারির আগে একটি বিশাল বাজেটের প্রকল্পে আহানকে কাস্ট করা হয়েছিল। কিন্তু অতিমারির ধাক্কায় সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় যশরাজ ফিল্মস। বাতিল হয়ে যায় ছবিটি, ভেঙে পড়ে আহানের স্বপ্ন।
মোহিত সুরি বলেন, “আহান ভেবেছিল ওর লঞ্চ যশরাজই করবে। সবাইকেই সেটা বলত সে। কিন্তু ছবিটি বন্ধ হয়ে যাওয়ার পর লোকে প্রশ্ন করতে শুরু করল, ‘তুমি তো বলেছিলে যশরাজ তোমায় লঞ্চ করবে, এখন কী হবে?’ ওই মুহূর্তটা ওর জন্য খুব কঠিন ছিল।”
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে যশরাজ প্রধান আদিত্য চোপড়া নিজেই আহানকে ডেকে বলেন, তিনি চাইলে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে পারেন। মোহিত জানান, “আদি স্যার তাঁকে বলেছিলেন, ‘তোমার প্রতিভা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু তুমি যদি চাও, অন্য সংস্থার সঙ্গে কাজ করতে পারো।’ আহান যদিও ঠিক করেছিলেন, যশরাজ থেকেই কাজ শুরু করবেন।”