অভিনেত্রী অর্চনা পুরান সিং জানালেন, কপিল শর্মা শুধুই কমেডিয়ান নন, বরং এক সংগ্রামী মানুষ। জীবনের কঠিন সময়েও হাসিয়ে গিয়েছেন সবাইকে।

অর্চনা পুরান সিং ও কপিল শর্মা
শেষ আপডেট: 30 July 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: বরাবরই তাঁর খোলামেলা স্বভাব জন্য পরিচিত অভিনেত্রী অর্চনা পুরান সিং। সম্প্রতি নিজের এক ইউটিউব ভ্লগে তিনি হাজির হলেন পরিবার নিয়ে সংগীতশিল্পী ও ইউটিউবার যশরাজ মুখেটের বাড়িতে। স্বামী পরমিত শেট্টি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানকে সঙ্গে নিয়ে এই সফরে অর্চনা যেমন খোশমেজাজে ছিলেন, তেমনই বলিউডের অন্যতম কমেডি আইকন কপিল শর্মার জীবন নিয়ে বললেন কিছু অজানা কথা।
যশরাজ মুখেট জানান, তিনি কপিল শর্মার দারুণ ভক্ত, এবং আজও মনে করেন যে কপিল ‘আন্ডাররেটেড’। সেই কথা শুনে অর্চনার মন্তব্য, “এটা খুবই সুন্দর কথা। আমি কপিলকে জানাব। এখনও ওর পাঞ্চগুলো আমাকে অবাক করে দেয়। আমি ১৫ বছর ধরে ওকে দেখছি। এত গভীরতা না থাকলে কেউ এত মজার হতে পারে না।”
অর্চনা জানান, কপিলের হাসির পেছনে রয়েছে অনেক না-বলা যন্ত্রণা। তিনি বলেন, “যে মানুষ সবাইকে হাসাতে পারে, তার ভেতরে অনেক কান্না জমে থাকে। কপিল প্রচণ্ড দারিদ্র্যে বড় হয়েছে। ওর বাবা ক্যান্সারে মারা যান। জীবনের অনেক বড় সংগ্রামের মধ্যে দিয়েই এই অবস্থানে এসেছে কপিল। তার মেধাই ওকে বিশ্বকে হাসানোর শক্তি দিয়েছে।”
এই ভ্লগেই নিজের ‘অতিরিক্ত হাসি’ নিয়ে রসিকতাও করেন অর্চনা। তিনি জানান, কমেডি সার্কাস চলাকালীন অনেক সময় এমনও হয়েছে, যখন নির্মাতারা তাঁর হাসির দৃশ্য কেটে দিয়েছেন— এমনকি যেটা সত্যিই মজার ছিল না, সেটাতেও। অর্চনার কথায়, “তাতে আমি সত্যিই হাস্যকর দেখাতাম।” যদিও এখন নাকি তেমন কিছু আর হয় না।
বর্তমানে নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অর্চনাকে নিয়মিত দেখা যাচ্ছে। কপিল শর্মা ছাড়াও এই শোয়ে আছেন কিকু শারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং বিশেষ অতিথি নভজ্যোত সিং সিধু। নতুন মরসুমে একটি সেগমেন্ট যোগ হয়েছে, যেখানে সাধারণ মানুষও তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।