২০২০ সালের ৮ জুন, বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল দেশজুড়ে।

দিশা সালিয়ান
শেষ আপডেট: 3 July 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের ৮ জুন, বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল দেশজুড়ে। তাঁর মৃত্যুর মাত্র এক সপ্তাহ পরেই সুশান্তেরও মৃত্যু হয়। দুই ঘটনা ঘিরেই উঠে আসে নানা ষড়যন্ত্রের তত্ত্ব। তবে সুশান্ত মামলার পর দিশা মামলাতেও তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্টে ‘আত্মহত্যা’র দিকেই ইঙ্গিত দেওয়া হল।
বম্বে হাই কোর্টে জমা দেওয়া মুম্বই পুলিশের চূড়ান্ত রিপোর্টে জানানো হয়েছে, দিশা সালিয়ান আত্মহত্যাই করেছিলেন। রিপোর্টে বলা হয়েছে, দিশার মৃত্যু তদন্তে ধর্ষণ, খুন বা ষড়যন্ত্রের কোনও প্রমাণ মেলেনি। তাঁর ময়নাতদন্তের রিপোর্টেও যৌন হেনস্থার কোনও ইঙ্গিত নেই।
গত মার্চ মাসে দিশার বাবা সতীশ সালিয়ান ফের আদালতে আবেদন জানিয়ে তাঁর মেয়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তাঁর অভিযোগ ছিল, দিশাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। কিন্তু মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এই সমস্ত অভিযোগের কোনও ভিত্তি মেলেনি।
পুলিশ জানিয়েছে, দিশা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা ও কাজের চাপের কারণে মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। সেই কারণেই ৮ জুন রাতে মালাডের একটি বহুতল আবাসনের ১৪ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এই মামলায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নামও মাঝেমধ্যে উঠে আসে। কিন্তু চূড়ান্ত রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ক্ষেত্রেও সিবিআই তাদের তদন্ত শেষে জানায়, প্রমাণের ভিত্তিতে সুশান্তের মৃত্যু আত্মহত্যা বলেই বিবেচিত হয়েছে। এবার দিশা সালিয়ান মামলা ঘিরেও একই উপসংহারেই পৌঁছল মুম্বই পুলিশ।