সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ (২০০২)—বলিউডের ইতিহাসে এক মাইলস্টোন সিনেমা। শাহরুখ খান, ঐশ্বর্যা রাই এবং মাধুরী দীক্ষিতের অসাধারণ অভিনয়, চিত্রনাট্য আর গানে ভরপুর এই ছবি আজও সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে আছে।

‘দেবদাস’
শেষ আপডেট: 3 July 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ (২০০২)—বলিউডের ইতিহাসে এক মাইলস্টোন সিনেমা। শাহরুখ খান, ঐশ্বর্যা রাই এবং মাধুরী দীক্ষিতের অসাধারণ অভিনয়, চিত্রনাট্য আর গানে ভরপুর এই ছবি আজও সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে আছে। বিশেষত শাহরুখ-ঐশ্বর্যার রসায়ন আর ‘মোরে পিয়া’ গানের আবেগঘন মুহূর্ত আজও ভোলার নয়।
কিন্তু জানেন কি, সেই বিখ্যাত গানের এক শট-এ আসলে শাহরুখ ছিলেন না? বরং ক্যামেরার ফ্রেমে ঐশ্বর্যার সঙ্গে ছিলেন সলমন খান! ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সময় থেকেই শুরু হয়েছিল সলমন ও ঐশ্বর্যার ঘনিষ্ঠতা। সম্পর্ক গভীর হলেও পরিণতি ছিল তিক্ততায় ভরা। এবং ‘দেবদাস’ ছবির সময় সেই সম্পর্ক অতীত হয়ে গিয়েছে।
তবুও বনশালির পুরনো বন্ধু হিসেবে সলমন প্রায়শই ‘দেবদাস’-এর সেটে উপস্থিত থাকতেন। বলিউড সমালোচক অনুপমা চোপড়া তাঁর বই ‘King of Bollywood: Shah Rukh Khan and the Seductive World of Indian Cinema’-এ এক চমকপ্রদ তথ্য দেন।
গানটির এক রোম্যান্টিক দৃশ্য—দেবদাস পরোর পায়ের কাঁটা তুলছেন। খুবই আবেগঘন মুহূর্ত, যেখানে মুখগুলো স্পষ্ট নয়, শুধুই পায়ের ক্লোজ শট। তখন শাহরুখ ও ঐশ্বর্যা শ্যুটে ব্যস্ত। ঠিক তখনই সলমন খান এগিয়ে এসে নিজেই দেখাতে শুরু করেন কীভাবে শটটি দেওয়া উচিত। পরিচালক বনশালিও ক্যামেরা বন্ধ করেননি। শেষমেশ সেই দৃশ্যে সলমন ও ঐশ্বর্যার হাত-পায়ের ক্লোজ শট ব্যবহার হয়ে যায় ছবিতে। এটাই ছিল সম্ভবত তাঁদের শেষ একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া।

এই তথ্য সামনে আসতেই রেডিট সহ নানা সোশ্যাল মিডিয়ায় ফের মাথাচাড়া দেয় সলমন-ঐশ্বর্যার সম্পর্কের পুরনো গুঞ্জন। কেউ লিখেছেন, “সলমন নাকি প্রায়ই ঐশ্বর্যার শ্যুটে যেতেন, কারণ ওঁর সহ-অভিনেতাদের ওপর সন্দেহ করতেন।” আরও একজন দাবি করেন, “সলমন নাকি ঐশ্বর্যার ভ্যানের মেঝেতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতেন। তাঁদের সম্পর্ক অত্যন্ত বিষাক্ত ছিল।”
একসময় সলমন-ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে গোটা বলিউড উত্তাল ছিল। কিন্তু নানা বিবাদ, ভাঙন ও বিতর্ক পেরিয়ে আজ ঐশ্বর্যা বিবাহিত অভিষেক বচ্চনের সঙ্গে, এবং এক কন্যার জননী। সলমন এখনও ব্যাচেলর, যদিও মাঝে মাঝে নাম জড়িয়েছে অন্যান্য অভিনেত্রীর সঙ্গে।