বলিউডে তাঁকে বলা হয় 'কিসিং কিং'। এক সময় এমন ছিল, পর্দায় ইমরান হাসমির (Emraan Hashmi) উপস্থিতি মানেই একাধিক 'কিসিং সিন', সাহসী দৃশ্য আর প্রেমের ছাপ ছড়ানো স্ক্রিনে। কিন্তু বাস্তব জীবনে? যেন সম্পূর্ণ অন্য মানুষ।

ইমরান হাসমি
শেষ আপডেট: 3 July 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: তুঝে সোচতা হুঁ ম্যায় শাম-ও-সুবহ
ইস্সে জাদা তুঝে ঔর চাহুঁ তো ক্যায়া?
তেরে হি খেয়ালোঁ মে ডুবা রহা
ইসে জাদা তুঝে ঔর চাহুঁ তো ক্যায়া?
বলিউডে তাঁকে বলা হয় 'কিসিং কিং'। এক সময় এমন ছিল, পর্দায় ইমরান হাসমির (Emraan Hashmi) উপস্থিতি মানেই একাধিক 'কিসিং সিন', সাহসী দৃশ্য আর প্রেমের ছাপ ছড়ানো স্ক্রিনে। কিন্তু বাস্তব জীবনে? যেন সম্পূর্ণ অন্য মানুষ। একেবারে চুপচাপ, ঘরোয়া, আর ভীষণভাবে 'ওয়ান ওম্যান ম্যান'।
বলিউডের এমন বহু অভিনেতা রয়েছেন যাঁদের নাম ঘনঘন জড়িয়েছে সহ-অভিনেত্রীদের সঙ্গে। কিন্তু দীর্ঘ কেরিয়ারে ইমরানের নামের পাশে জুড়েছে না কোনও গসিপ, না কোনও লুকোনো প্রেমের জল্পনা। এর পেছনে রয়েছে তাঁর জীবনের এক অবিচল সিদ্ধান্ত—জীবনের শুরুতে যাঁকে ভালবেসেছিলেন, সেই পারভিন সাহানিকেই (Parveen Shahani) বিয়ে করেছেন, এবং বিয়ের পর থেকে সেই সম্পর্কে অটুট থেকেছেন। জীবনে প্রয়োজনই হয়নি অন্য কোনও নারীর।
সম্প্রতি সাংবাদিক শুভঙ্কর মিশ্রার পডকাস্টে গিয়ে ইমরান শুনিয়েছেন কিছু অজানা গল্প। সেখানে সাংবাদিক তাঁকে বলেন, ‘‘অনেক মহিলাই আমাকে বলেছেন, তাঁরা ইমরানের মতো স্বামী চান। কারণ কিসিং সিনের জন্য যতই বিখ্যাত হোন, আপনার বিরুদ্ধে কখনও কোনও অ্যাফেয়ার বা বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে বলে শোনা যায়নি। এটাই নাকি তাঁদের আপনাকে পছন্দ করার অন্যরকম কারণ।’’
এই কথায় হেসে ওঠেন ইমরান। সংযতভাবে বলেন, ‘‘আপনি কিছু শোনেননি, কারণ আমি কখনও এমন কিছু করিইনি। কিন্তু আপনি এ কথাটা এমন অবাক হয়ে বলছেন কেন!’’
জবাবে শুভঙ্কর বলেন, ‘‘আসলে বলিউডে এটা খুব একটা দেখা যায় না বা শোনা যায় না বলেই তো চমকে উঠলাম!’’
এই প্রসঙ্গে ইমরান জানান, পারভিন তাঁর জীবনের সেই সময় পাশে ছিলেন, যখন তাঁর পকেটে “এক টাকাও ছিল না।” অভিনেতার কথায়, “আমি যদি গোটা জীবনে কাউকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেটা আমার স্ত্রী পারভিন। ওকে ছাড়া ভাবতেই পারি না। ভাল-খারাপ সব মিলিয়ে ১৮ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছি আমরা। এর থেকে সুন্দর কিছু হয় নাকি?’’
এমনকি অভিনেতা জানান, তিনি বাস্তবে এতটাই লাজুক, যে কোনও মহিলার সঙ্গে প্রথম আলাপে কথাও বলতে পারেন না। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া, প্রেমের গসিপ আর গোপন ডেটিং প্রায় রুটিন হয়ে গিয়েছে, সেখানে ইমরানের মতো বোল্ড অভিনেতার কোনও অ্যাফেয়ার কানে আসে না। এটা ব্যতিক্রম নয়তো আর কী!