এ যাবৎ সিনেমার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময় বেঁধে কাজ হত না। এ দিন ঘোষণা করা হয় সিনেমার ক্ষেত্রে সর্বাধিক ১৮ ঘণ্টা কাজ করবেন কলাকুশলী ও শিল্পীরা। ধারাবাহিকের ক্ষেত্রে এই সময়সীমা ১৪ ঘণ্টা। দ্য ওয়ালকে পিয়া বলেন, "নাম করতে চাই না, মাস কয়েক আগেই এক ছবির শুটিংয়ে রীতিমতো সারাদিন কাজ করানো হচ্ছিল। এরকমটা যাতে আগামী দিনে না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত।"

শেষ আপডেট: 30 October 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: এই পুজোয় অদ্ভুত এক প্রতিযোগিতা চাক্ষুষ করেছে টলিউড। হাড্ডাহাড্ডি লড়াই পৌঁছে গিয়েছিল কদর্য কাদা ছোড়াছুড়িতে। আসন্ন বড়দিনে সেই ঝামেলা এড়াতেই গত এক সপ্তাহে হয়েছে বেশ কয়েকটি মিটিং। এ দিন অর্থাৎ বুধবার ধর্মতলায় ইম্পা-র অফিসের সামনেও অনুষ্ঠিত হয়েছে এক সাংবাদিক সম্মেলন। যেখানে টলিউডের নামজাদা প্রযোজক ছাড়াও হাজির ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সহ অনেকেই। বড়দিন সহ আগামী বছরের উৎসবের দিনগুলোতে কী কী ছবি আসবে তা নিয়ে যেমন আলোচনা হয়েছে এই মিটিংয়ে একইসঙ্গে বেশ কিছু সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয় ইম্পা ও ফেডারেশনের তরফে।
এই যেমন এ যাবৎ সিনেমার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময় বেঁধে কাজ হত না। এ দিন ঘোষণা করা হয় সিনেমার ক্ষেত্রে সর্বাধিক ১৮ ঘণ্টা কাজ করবেন কলাকুশলী ও শিল্পীরা। ধারাবাহিকের ক্ষেত্রে এই সময়সীমা ১৪ ঘণ্টা। দ্য ওয়ালকে পিয়া বলেন, "নাম করতে চাই না, মাস কয়েক আগেই এক ছবির শুটিংয়ে রীতিমতো সারাদিন কাজ করানো হচ্ছিল। এরকমটা যাতে আগামী দিনে না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত।" বাড়ান হল বড় পর্দার টেকনিশিয়ানদের পারিশ্রমিকও। এর আগে ছোটপর্দার টেকনিশিয়ানদের ৩০ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। তবে বড়পর্দার ক্ষেত্রে তা দাঁড়াল ৩৩ শতাংশ।
এর আগেই স্ক্রিনিং কমিটির বৈঠকে ঠিক হয়েছিল বাংলা ছবির স্বার্থে উৎসবের দিনে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না। তা মাথায় রেখেই এ বছরের বড়দিনে আসছে, ‘প্রজাপতি ২’, ‘মিতিনমাসি’ এবং শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির একটি ছবি। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে রাজের 'হোক কলরব', এসভিএফের একটি ছবি ও উইন্ডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। পিছিয়ে গিয়েছে অঙ্কুশ হাজরা ও ফিরদৌসুল হাসানের একটি করে ছবি।
এ প্রসঙ্গে হাসান দ্য ওয়ালকে বলেন, "আমি নিজে স্ক্রিনিং কমিটির সদস্য। সার্বিক ভাবে বাংলা ছবির উন্নতি আমরা সকলেই চাই। সে ক্ষেত্রে ছবি পিছনো নিয়ে আমার অসুবিধে নেই। ভ্যালেন্টাইন্সের ডে'র আগে আমাদের ছবিটি আসবে।" অন্যদিকে অঙ্কুশের ছবিটি আসতে পারে ওই একই সময়ে অথবা আগামী বছরের শুরুতে।
নতুন নিয়মে, একটি বড় বাজেটের ছবিমুক্তির ১৫ দিনের মধ্যে মুক্তি পাবে না বড় বাজেটের আর একটি ছবি। বাংলা ছবি যাতে নির্বিঘ্নে এগিয়ে যায় সেই কথা মাথায় রেখে তৈরি হয়েছে এক বিভাগও। কোন প্রযোজক বছরে কয়টি করে ছবি বানাতে পারবেন বা চান সেই তালিকা নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। বছরে ছয়টি ছবি বানাতে পারবে বলে জানিয়েছে এসভিএফ ও সুরিন্দর ফিল্মস, নন্দী মুভিজ। চারটি ছবির তালিকায় রয়েছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা, দাগ ক্রিয়েটিভ মিডিয়া, ফ্রেন্ডস কমিউনিকেশন, উইন্ডোজ প্রয়োজনা সংস্থা। অন্যদিকে দু'টি ছবির তালিকায় রয়েছে জিৎ এন্টারটেনমেন্ট, অঙ্কুশ হাজরার সংস্থা। উল্লেখ্য, এর আগে নন্দী মুভিজ বছরে ৪টে ছবি করত, উইন্ডোজ সাধারণত ৩টে করে ছবি করত। কিন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের অনুরোধে তারা বাংলা ছবি বাড়াতে রাজি হয়েছেন। যা আসলে ইন্ডাস্ট্রির সার্বিক উন্নতিরই দাবি রাখছেন।
এ দিনের বৈঠকে দেখা যায়নি দেবকে। তাঁর নিজেরও প্রযোজনা সংস্থা রয়েছে। তিনি বছরে কয়টি ছবি বানাতে চান সে বিষয়ে এখনও তালিকা সামনে আসেনি বলেই খবর।
আগামী দিনে হল পাওয়া সহ অন্যান্য বিষয় নিয়ে যাতে মতানৈক্য না হয় তা খতিয়ে দেখতে সচেষ্ট সব মহলেই। আপাতত পাখির চোখ বড়দিন। দেব বনাম প্রসেনজিৎ, নাকি শুভশ্রী বনাম কোয়েল? সে দিকেই নজর থাকবে সকলের।