উত্তরবঙ্গ আজ বিপর্যস্ত। পাহাড় থেকে ভেসে আসা জলের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, হাহাকার ছড়িয়েছে জীবনে।

শেষ আপডেট: 15 October 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ আজ বিপর্যস্ত। পাহাড় থেকে ভেসে আসা জলের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, হাহাকার ছড়িয়েছে জীবনে। এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে টলিউডের মানুষরা—যাঁরা আলো, ক্যামেরা আর রিলের জগৎ ছেড়ে এবার হাত ধরেছেন বাস্তব জীবনের লড়াইয়ে।
বুধবার (১৫ অক্টোবর, ২০২৫), ফেডারেশন, চ্যানেল এবং প্রযোজকদের পক্ষ থেকে এক ত্রিপাক্ষিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উত্তরবঙ্গের এই প্রাকৃতিক বিপর্যয়কে সামনে রেখে। সেদিনের এই সভায় উপস্থিতি যেন এক মানবিকতার মঞ্চ—যেখানে আলোচনার একটাই বিষয়, কীভাবে সাহায্যের হাত আরও বড় করে পৌঁছে দেওয়া যায় দুর্গত মানুষের কাছে।
ফেডারেশন-এর নেতৃত্বে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই মোট ৩৩ লক্ষ টাকা তহবিল গঠন করা হয়েছে। ইম্পা (EIMPA)-র পক্ষ থেকে সভাপতি পিয়া সেনগুপ্ত জানালেন, তাঁদের সংগঠন দিয়েছে ৫ লক্ষ ১১ হাজার টাকা, আর প্রযোজক নীল রতন দত্ত ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন ১০ লক্ষ টাকা।
এর আগেই ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত ঘোষণা করেছিলেন, “অভিনেতাদের তরফ থেকে ফান্ড গঠন করেছেন বুম্বাদা আর দেব। আমরা গঠন করব টেকনিশিয়ানদের তরফ থেকে। সেই অনুযায়ী আমাদের সংগঠন এবং ফেডারেশন সমস্ত সদস্যদের নিয়ে অর্থ সংগ্রহ করবে গিল্ডের পক্ষ থেকে। সেই অর্থ জমা পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে।”
খবর আরও এসেছে, প্রযোজক ফিরদৌসল হাসানও ত্রাণ পাঠানোর উদ্যোগ নিচ্ছেন। ইম্পার মাধ্যমে প্রযোজকেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ দান করছেন।
এই উদ্যোগে যেন স্পষ্ট হয়ে উঠেছে—টলিউড শুধু বিনোদনের জগৎ নয়, এটা এক মানবিকতার পরিবার। পর্দার বাইরে থেকেও যখন বিপর্যয়ের মুখোমুখি হয় মানুষ, তখন এই পরিবার একসঙ্গে এগিয়ে আসে। আলো, ক্যামেরা, অ্যাকশনের বাইরেও টলিউডের আসল চিত্র এটাই—যেখানে হৃদয় দিয়ে লেখা হয় সাহায্যের গল্প, আর সহানুভূতির আলোয় আলোকিত হয় উত্তরবঙ্গের অন্ধকার দিনগুলো।