ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে ‘ভিনটেজ ইন্ডিয়া’ থিমে শো-স্টপার হয়ে হাজির সলমন খান

সলমন খান
শেষ আপডেট: 15 October 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন শোতে সলমন খানকে র্যাম্পে হাঁটতে দেখাটা গোটা বলিউডের কাছেই বেশ অবাক করার মতোই। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ডিজাইনার বিক্রম ফাডনিস-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শকদের চমকে দিলেন বলিউড ভাইজান সলমন খান। মুম্বইয়ে আয়োজিত গালা ইভেন্টে সলমন ছিলেন শো-স্টপার।
বিক্রম ফাডনিসের 'ভিনটেজ ইন্ডিয়া' থিমের এই গ্র্যান্ড ইভেন্টে শতাধিক মডেল ডিজাইনারের অসাধারণ সৃষ্টি তুলে ধরেন। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন অবশ্যই সলমন খান। তিনি পরেছিলেন একটি কালো কুর্তা-পাজামা, যার উপরে ছিল লম্বা শেরওয়ানি-স্টাইলের জ্যাকেট। বিলাসবহুল সিল্ক দিয়ে তৈরি এই জ্যাকেটের কাঁধ, বুক এবং হাতায় ছিল বিক্রম ফাডনিসের সিগনেচার স্টাইলে সোনালী ও মেরুন রঙের সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারি।
এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সলমনের সঙ্গে তাঁর পুরনো সহ-অভিনেত্রীদের দেখা হওয়া। অনুষ্ঠানের একটি ক্লিপে দেখা যায়, সলমনের অভিনেত্রী বিপাশা বসু, সুস্মিতা সেন এবং আমিশা প্যাটেল-এর কথা বলছেন। একে অপরকে জড়িয়ে ধরছেন।
ডিজাইনারের সঙ্গে তাঁর বহু বছরের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সলমন বলেন, "আমি বিক্রমকে বহু বছর ধরে চিনি, সে আমার অনেক ছবির সঙ্গে যুক্ত ছিল এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাঁকে ৩৫ বছর পূর্ণ করতে দেখা এবং এই উদযাপনের অংশ হতে পারাটা সত্যিই বিশেষ অনুভূতি।"
এই ফ্যাশন গালায় সলমন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, জেনেলিয়া দেশমুখ, রিতেশ দেশমুখ, জারিন খান, সুহানা খান সহ বলিউডের আরও অনেক তারকা।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাওয়ার পর থেকে সলমানের জনসমক্ষে উপস্থিতি কিছুটা কমেছে এবং তাঁকে ওয়াই+ (Y+) নিরাপত্তা দেওয়া হয়েছে। এই ইভেন্টের পরই সলমন ঘোষণা করেন যে, তিনি আগামী ১৪ নভেম্বর, ২০২৫-এ কাতারের দোহায় তাঁর 'দা-বাং ট্যুর রিলোডেড'-এ থাকবেন। সেই অনুষ্ঠানে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, তামান্না ভাটিয়া এবং প্রভু দেবার মতো তারকারা অংশ নেবেন।