২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে অনুষ্কা ও বিরাটের বিয়ে হয়। মুম্বই-দিল্লির চেনা কোলাহল থেকে দূরে, কাছের মানুষদের সাক্ষী করে সরল, স্নিগ্ধ আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 5 November 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামার, জনপ্রিয়তা আর সাফল্যের শীর্ষে থেকেও তাঁরা যেন একদম অন্যরকম- অনুষ্কা শর্মা (Anushka Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)। বলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী আর ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার, তবু তাঁদের সম্পর্কটা কখনওই ‘শো-অফ’-এর ওপর দাঁড়িয়ে নয়। বরং একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া আর সমর্থন- এই তিনটিতেই গড়া তাঁদের দাম্পত্য। আজ তাঁরা শুধু ‘স্টার কাপল’ নন, অনেকের কাছে ‘পাওয়ার কাপল’-এর প্রকৃত উদাহরণ।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটে প্রথম দেখা হয় অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির (Anushka Sharma-Virat Kohli) । সেইসময় দু'জনেরই কেরিয়ারের প্রায় শুরু। শোনা যায়, সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই পরে বদলে যায় ভালবাসায়। জনপ্রিয়তা বাড়লেও কখনও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি প্রচার চাননি কেউই। তাঁদের প্রেম, বিয়ে, এমনকি পরিবার- সবই যেন খুব স্বাভাবিক, সংযত আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে।
২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে অনুষ্কা ও বিরাটের বিয়ে হয়। মুম্বই-দিল্লির চেনা কোলাহল থেকে দূরে, কাছের মানুষদের সাক্ষী করে সরল, স্নিগ্ধ আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। বিয়ের পরও দু’জনেই ব্যস্ত ছিলেন নিজেদের কাজ নিয়ে, বিরাট মাঠে আর অনুষ্কা ক্যামেরার সামনে। কিন্তু ব্যস্ততার মাঝেও একে অপরের পাশে থাকার যে ভারসাম্য তাঁরা বজায় রেখেছিলেন, সেটাই হয়তো তাঁদের অন্যদের থেকে আলাদা করে তোলে।
বিরাট একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অনুষ্কা তাঁর জীবনে স্থিরতা এনে দিয়েছেন। আবার অনুষ্কা জানিয়েছেন, বিরাটের চিন্তা-ভাবনা এবং আত্মবিশ্বাস তাঁকে অনুপ্রাণিত করে। তাঁরাই একে অপরের সবচেয়ে বড় সমর্থক। কোনও প্রজেক্ট বা ম্যাচের পর প্রশংসা হোক বা ব্যর্থতার সময় সাহস জোগানো- সবক্ষেত্রেই দু’জনের মধ্যে দারুণ বোঝাপড়া।
এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁদের আচরণও অন্যদের থেকে আলাদা। কোনও বিতর্ক নয়, নেই অতিরিক্ত প্রকাশ। বরং তাঁরা দেখিয়ে দিয়েছেন, কীভাবে তারকা হয়েও ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখা যায়। তাঁদের মিষ্টি পোস্ট, একসঙ্গে হাসিমুখে থাকা মুহূর্ত বা পরিবারের সঙ্গে সময় কাটানো, সব কিছুই সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছে।
২০২১ সালে কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। তবে কখনও ক্যামেরার সামনে তার মুখ দেখাননি। লাইমলাইট থেকে দূরেই বড় হয়েছে ভামিকা। গত বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার বাবা-মা হন এই তারকা জুটি। তাঁদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অকয়। তার ক্ষেত্রেও দেখা গেছে একই নিয়ম। এককথায় বলা যায়, 'তারকা' তকমা সরিয়ে রেখেই নিজেদের মতো করে সুখে সংসার করছেন তাঁরা।
আজকের যুগে যেখানে সম্পর্ক ভেঙে যাওয়া, ডিভোর্সের গুজব খবরের শিরোনাম হয়, সেখানে বিরাট-অনুষ্কা দেখিয়ে দিয়েছেন, ভালোবাসা মানে কেবল রোমান্স নয়- ভরসা, সম্মান আর একসঙ্গে জীবনের প্রতি ধাপে এগিয়ে যাওয়া। হয়তো সেই কারণেই তাঁরা শুধু ক্রিকেট বা সিনেমার তারকা নন, আমাদের সময়ের সবচেয়ে প্রিয় পাওয়ার কাপল।