২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে আবার দেখতে চান ভক্তরা। তার আগে ফিরে দেখা যাক টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বিরাটের সেই চারটি ইনিংস, যা চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 November 2025 09:46
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের ‘রানমেশিন’ বিরাট কোহলির আজ (৫ নভেম্বর) জন্মদিন (Virat Kohli Birthday)। ৩৭ বছরে পা দিলেন এই তারকা ক্রিকেটার। তিন ফরম্যাটের মধ্যে টি–টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও, এখনও ওডিআই ক্রিকেটে (ODI Criccket) সক্রিয় রয়েছেন কোহলি। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে আবার দেখতে চান ভক্তরা। তার আগে ফিরে দেখা যাক টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বিরাটের সেই চারটি ইনিংস, যা চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।
হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ রানের ঝড় (২০১২)
২০১২ সালের সিবি ট্রাই–সিরিজে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছিল ভারত। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৩২০ রান তোলে। ভারতের (India) সামনে ছিল ৪০ ওভারের মধ্যে ৩২১ রান তোলার চ্যালেঞ্জ, যা প্রায় অসম্ভবই ছিল। কিন্তু কোহলি (Virat Kohli) সেই দিন হোবার্টে একেবারে অন্য মেজাজে নেমেছিলেন। তিনি ১৩৩ রান করে শুধু ম্যাচ জেতাননি, বরং ভারতের জন্য বোনাস পয়েন্টও নিশ্চিত করেন। সেই ইনিংসেই শুরু হয়েছিল 'চেজ মাস্টার' কোহলির কিংবদন্তী অধ্যায়।
পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের বিস্ফোরণ (এশিয়া কাপ, ২০১২)
ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাট যেন আগুন ছড়িয়েছিল। পাকিস্তান ৩২৯ রান তুলেছিল বটে, জয় নিয়ে আশাবাদীও ছিল কিন্তু কোহলি তাঁর ১৮৩ রানের ঝোড়ো ব্যাটিংয়ে সবকিছুই প্রায় উল্টে দেন। সচিনের সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতকে ৭ উইকেটে জয় এনে দেন তিনি। ১৮৩ রানের ইনিংসটি এখনও পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ওডিআই রান এবং ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হয়।
অ্যাডিলেডে অধিনায়ক কোহলির যুদ্ধ (২০১৪)
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ, লক্ষ্য ৩৬৪ রান- সবদিক থেকেই অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু অধিনায়ক হিসেবে কোহলি খেললেন ১৪১ রানের অনবদ্য ইনিংস। যদিও ভারত অল্পের জন্য হেরে যায়, তবে কোহলির লড়াই সেই ম্যাচকে করে তোলে অবিস্মরণীয়। তাঁর ব্যাটিংয়ে আত্মবিশ্বাস আর আগ্রাসনের মিশেল ভারতীয় ক্রিকেটে নতুন দিশা দেখায়।
ইংল্যান্ডে পুনরুত্থান- ১৪৯ রানে জবাব (বার্মিংহাম, ২০১৮)
২০১৪ সালে ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়েছিলেন কোহলি। তাই ২০১৮ সালের সফর ছিল তাঁর জন্য প্রমাণের লড়াই। কঠিন উইকেটে বার্মিংহামে তিনি খেললেন ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস, যা ভারতের জয়ে মূল ভূমিকা নেয়। সেই শতরান প্রমাণ করে দিয়েছিল, চাপের মুখে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির জন্য সবই সম্ভব।
বিরাট কোহলির এই চারটি ইনিংস কেবল রান নয়, একেকটি অধ্যায়- যেখানে জেদ, দায়িত্ববোধ আর আবেগ একসঙ্গে মিশে গেছে। তাই হয়তো আজও তিনি ক্রিকেট ভক্তদের কাছে শুধুই এক নাম নয়, এক অনুভব- 'কিং কোহলি'।