প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। অভিনেতাদের লুক টেস্ট ও রিডিং সেশন শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আরও কিছুদিন। জিতেন্দ্র ও রবি কিসানও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। তবে দুই অভিনেতাই এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন।

শেষ আপডেট: 16 August 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষার পর আবারও বড়পর্দায় ফিরছে মির্জাপুর (Mirzapur)। ইতিমধ্যেই আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি এবং দিব্যেন্দু অভিনীত এই জনপ্রিয় ক্রাইম ড্রামার জন্য দর্শকরা দিন গুনছেন। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল আরও দুই বড় তারকার নাম। জানা গিয়েছে, ‘পঞ্চায়েত’-এর সচিবজি খ্যাত জিতেন্দ্র কুমার ও অভিনেতা-সাংসদ রবি কিসান জুড়েছেন মির্জাপুর ছবির কাস্টে।
বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির মহরত পুজো অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র ও রবি কিশন। যদিও নির্মাতারা তাঁদের চরিত্র নিয়ে কোনও তথ্য প্রকাশ করেননি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে— তাঁরা কি পরিচিত চরিত্রের জায়গায় আসছেন, নাকি একেবারে নতুন ভূমিকায় গল্পের মোড় ঘুরিয়ে দেবেন?
খবর অনুযায়ী, প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। অভিনেতাদের লুক টেস্ট ও রিডিং সেশন শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আরও কিছুদিন। জিতেন্দ্র ও রবি কিসানও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। তবে দুই অভিনেতাই এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন।
২০২৪ সালে ঘোষিত এই সিনেমায় ফিরে আসছে মির্জাপুর-এর ‘ওজি’ ত্রয়ী— আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি ও দিব্যেন্দু। এছাড়াও গোলুর চরিত্রে শ্বেতা ত্রিপাঠীরও ফেরার সম্ভাবনা প্রবল। ছবিটি তৈরি করছেন মির্জাপুর-এর স্রষ্টা পুণিত কৃষ্ণা এবং পরিচালনায় রয়েছেন গুরমিত সিংহ।
প্রযোজক সংস্থা জানিয়েছে, ২০২৬ সালে সর্বভারতীয় মুক্তি পাবে ছবিটি, ওটিটিতে আসার আগেই। দর্শকদের কাছে এটি হতে চলেছে বছরের সবচেয়ে বড় থিয়েট্রিকাল রিলিজগুলির একটি।
অভিনেতা আলি ফজল এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, ছবির কাহিনি হয়তো অতীতে নিয়ে যাবে দর্শকদের। এমনকি কিছু মৃত চরিত্রও হয়তো জীবিত হয়ে ফিরতে পারে পর্দায়। ফলে জল্পনা তৈরি হয়েছে— এটি কি প্রিক্যুয়েল হতে চলেছে?
দর্শকরা যে আরও রোমাঞ্চকর, চমকপ্রদ মির্জাপুর দেখতে চলেছেন, তা বলাই যায়। পরিচিত চরিত্রের প্রত্যাবর্তন, নতুন সংযোজন আর থিয়েট্রিকাল ড্রামার মেলবন্ধন— সব মিলিয়ে ২০২৬-কে ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।