১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে করেন মালাইকা। চার বছর পর, ২০০২ সালে জন্ম হয় তাঁদের ছেলে আরহান খানের। ২০১৬ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।

শেষ আপডেট: 16 August 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গ্ল্যামার দুনিয়ায় প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনার শেষ নেই। এবার নতুন করে খবরে উঠে এলেন অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা (Malaika Arora)। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মালাইকা দীর্ঘদিন আলোচনায় ছিলেন। তবে সেই সম্পর্কও গত বছর ভেঙে যায়। এখন মালাইকার মুখে উঠে এলো দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে জিজ্ঞেস করা হয়, যদি আপনাকে তরুণ বয়সে ফিরিয়ে নেওয়া যায় তাহলে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে মালাইকা বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।”
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে করেন মালাইকা। চার বছর পর, ২০০২ সালে জন্ম হয় তাঁদের ছেলে আরহান খানের। ২০১৬ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।
সাক্ষাৎকারে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, আবার বিয়ে করার কথা কি তিনি ভাবছেন? মালাইকা খোলামেলা ভঙ্গিতে বলেন, “নেভার সে নেভার। কখনও না বলো না। আমি একজন হার্ডকোর রোমান্টিক। আমি প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।”
এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে জল্পনা শুরু হয়েছে— তবে কি খুব শিগগিরই নতুন প্রেম বা বিয়ের খবর শোনাতে চলেছেন মালাইকা?
অর্জুন কপূরের সঙ্গে প্রায় ছয় বছরের সম্পর্কের পর গত বছর ভাঙন ধরে। ‘সিংঘম এগেইন’-এর প্রচারে গিয়ে অর্জুন নিজেই জানান যে তিনি এখন সিঙ্গল। এর পর থেকেই মালাইকা ও অর্জুনের আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। যদিও তাঁরা দু’জনই পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন।
এক মাস পর মালাইকা ইনস্টাগ্রামে একটি মজাদার পোস্ট শেয়ার করেন, যেখানে নিজের স্ট্যাটাস হিসেবে ‘single’ বেছে নেন। এই পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে তখনও তুমুল আলোচনা হয়েছিল।
ব্যক্তিগত জীবনে গত বছরটা মালাইকার জন্য বেশ কঠিন ছিল। শুধু প্রেম ভাঙন নয়, বাবাকেও হারাতে হয়েছে তাঁকে। অন্যদিকে আরবাজ খান ২০২৩ সালে সশুরা খানের সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন এবং দম্পতি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
বলিউড মহলের মতে, মালাইকা সব সময় আত্মবিশ্বাসী এবং খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত। এবার দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর ইঙ্গিত আবারও প্রমাণ করল— তিনি নতুন যাত্রার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন।