তখন সদ্য গোঁফের রেখা দেখা দিয়েছে, কিন্তু ভাবনাচিন্তায় ধীরস্থির সেই কিশোর কেরিয়ারের এক কঠিন মোড়ে মা মীরাকে দিশা দেখিয়েছিল।

মা মীরার সঙ্গে জোহরান
শেষ আপডেট: 5 November 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের (New york) ইতিহাসে এক নতুন অধ্যায়। ৩৪ বছর বয়সি জোহরান মামদানি (Zohran Mamdani) নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং শহরের ৪০০ বছরের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা যিনি এই পদে বসলেন।
অনেকেই হয়তো জানেন না, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ঔপনিবেশিক ইতিহাসবিদ মাহমুদ মামদানির ছেলে জোহরানের বংশ পরিচয় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে। মা তাঁর বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার (Bollywood Director Mira Nair)। মীরা নায়ার যিনি কিনা আন্তর্জাতিক চলচ্চিত্র (International Film) জগতে সুপরিচিত। সালাম বম্বে (salam bombay), মনসুন ওয়েডিং (Monsoon wedding), দ্য নেমসেক (The Nameshake)-এর মতো একের পর এক প্রশংসিত ছবি তাঁর ঝুলিতে। মীরার সাফল্যের অনেকখানি ভাগই যে জোহরানের, তা বলতে কোনও দ্বিধা নেই গর্বিত মায়েরও।
৩৪-এর এই যুবক কেরিয়ারের এমন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন এবং তাঁর মধ্যে যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো স্থিরতা রয়েছে, তা প্রমাণ হয়েছিল মাত্র ১৪ বছর বয়সেই। তখন সদ্য গোঁফের রেখা দেখা দিয়েছে, কিন্তু ভাবনাচিন্তায় ধীরস্থির সেই কিশোর কেরিয়ারের এক কঠিন মোড়ে মা মীরাকে দিশা দেখিয়েছিল।
২০১৮ সালে জয়পুর সাহিত্য উৎসবে মীরা নায়ার জানান, ওয়ার্নার ব্রাদার্স তাঁকে অফার করেছিল হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট ফায়ার (Harry Potter and the Goblet of Fire) পরিচালনার দায়িত্ব। কিন্তু এদিকে ঠিক সেই সময়েই তিনি দ্য নেমসেক ছবির প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।
মীরা বলেন, “ওরা ভ্যানিটি ফেয়ার (Vanity Fair) দেখে মুগ্ধ হয়েছিল। আলফনসো কুয়ারন হ্যারি পটার ৩ (Harry Potter 3) বানানোর পর ওরা ভেবেছিল এবার দক্ষিণ এশীয় এক নির্মাতার হাতে তুলে দেওয়াই যায় চতুর্থ পর্বটি।”
কিন্তু তখনই মীরা ব্যক্তিগত জীবনে গভীর শোকের মধ্যে দিয়ে জীবনের দিশা হাতড়ে বেড়াচ্ছেন।
তাঁর কথায়, 'আমি সেই সময় ঝুম্পা লাহিড়ির অসাধারণ উপন্যাস 'দ্য নেমসেক' নিয়ে ভাবনাচিন্তায় ডুবে গেছি। সেই সময় চিকিৎসার গাফিলতিতে হঠাৎ শাশুড়ি মায়ের মৃত্যু, যিনি আমার কাছে নিজের মায়ের চেয়ে কোনও অংশে কম নয়, আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল। বিদেশের মাটিতে অভিভাবকহীন হয়ে পড়া যে কী হতে পারে, সেটা একমাত্র ঝুম্পা লাহিড়ির লেখনীতে The Namesake আমাকে প্রকাশ করার এক আশ্রয় দিয়েছিল বলা যায়। তখন হ্যারি পটারের অফার আসে আমার কাছে।'
'নিজের ছবি' ছেড়ে দেবেন! চরম এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে মীরা পরামর্শ চান তাঁর ১৪ বছরের ছেলের কাছে। মীরা বলেন, “আমি জোহরানকে জিজ্ঞেস করেছিলাম, আমি কী করব? ও বলেছিল, ‘মা, অনেক ভাল পরিচালক Harry Potter বানাতে পারবে, কিন্তু The Namesake যদি কেউ বানাতে পারে, সেটা একমাত্র তুমি-ই।’ সেই কথাটা যেন আমাকে একরকম মুক্তি দিয়েছিল।”
জোহরান সাত বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন। ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সের পর বাউডিন কলেজ। কখনও র্যাপ শিল্পী, কখনও মায়ের ছবির সহকারী, আবার কখনও এনজিও-তে কাজ - নানা ভূমিকা পেরিয়ে অবশেষে রাজনীতির ময়দানে আসেন তিনি।
আজ তাঁর সাফল্য যেন এক চক্রপথের পূর্ণতা, যে ছেলে একদিন মায়ের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আজ সেই-ই নতুন ইতিহাস লিখছে নিউইয়র্কের আকাশে।