নীরজ পাণ্ডে পরিচালিত ‘ঘুষখোর পণ্ডত’ ছবিকে ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। দিল্লি হাই কোর্টে মামলা, এবার এক্সে মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

মনোজ বাজপেয়ী
শেষ আপডেট: 6 February 2026 17:32
দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নতুন নয় বলিউডে। অতীতেও একাধিকবার এই ধরনের বিতর্কে জড়িয়েছে হিন্দি চলচ্চিত্র জগৎ। সেই তালিকায় ফের নাম জুড়ল পরিচালক নীরজ পাণ্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডত’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। তবে ছবির ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রবল বিতর্ক।
এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী বিনীত জিন্দল আদালতে আবেদন জানিয়ে ছবিটির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়েছেন। তাঁর দাবি, ছবিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য থাকতে পারে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে তীব্র জলঘোলা।
এই বিতর্কে এবার প্রকাশ্যে মুখ খুললেন ছবির প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, “মানুষের আবেগ এবং উদ্বেগের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সকলের অনুভূতির গুরুত্ব আছে আমার কাছে। যদি আমার কোনও কাজ মানুষের অনুভূতিতে আঘাত করে থাকে, তা অবশ্যই আমাকে ভাবায়।”
এর পাশাপাশি অভিনেতা স্পষ্ট করে জানান, একজন শিল্পী হিসেবে তিনি মূলত চরিত্র এবং গল্পের মাধ্যমেই পর্দায় উপস্থিত হন। তাঁর কথায়, “এই ছবিটি তৈরির সময় কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে কোনও মন্তব্য করার উদ্দেশ্য ছিল না।” মনোজ আরও উল্লেখ করেন, নীরজ পাণ্ডের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি বুঝেছেন, পরিচালক হিসেবে তিনি তাঁর ছবির প্রতিটি দিক নিয়েই অত্যন্ত সতর্ক এবং সংবেদনশীল।