লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যখন শহর জুড়ে উন্মাদনা, ঠিক সেই সময় যুবভারতীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলা যেন আনন্দের ছবিটাকেই ছিন্নভিন্ন করে দেয়।

শেষ আপডেট: 30 December 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যখন শহর জুড়ে উন্মাদনা, ঠিক সেই সময় যুবভারতীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলা যেন আনন্দের ছবিটাকেই ছিন্নভিন্ন করে দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সমাজমাধ্যমে শুরু হয় আরেক অন্ধকার অধ্যায়—আর্জেন্টিনার ফুটবল মহাতারকার পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবিকে কেন্দ্র করে তীব্র কটাক্ষের নিশানায় পরিণত হন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুহূর্তে আছড়ে পড়তে থাকে কুৎসিত মন্তব্য, বিদ্রুপ আর অশালীন ভাষা—যা কেবল একজন তারকাকে নয়, একজন নারীকে অসম্মান করার সীমা ছুঁয়ে ফেলে।
এই পরিস্থিতিতে প্রথমেই দৃঢ়ভাবে স্ত্রীর পাশে দাঁড়ান তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। সমাজমাধ্যমেই তিনি সমালোচকদের জবাব দেন। কিন্তু তাতেও থামেনি আক্রমণ। কটাক্ষ ক্রমশ আরও তীব্র, আরও ব্যক্তিগত হয়ে ওঠে। গত ১৪ ডিসেম্বর রাতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন রাজ চক্রবর্তী। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
তদন্তের সূত্র ধরে সামনে আসে এক নাম—বিট্টু শ্রীবাস্তব। টিটাগড়ের আদি বাসিন্দা হলেও বর্তমানে সে বিহারেই থাকত বলে জানতে পারে পুলিশ। অভিযোগের মাত্র পনেরো দিনের মধ্যেই অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় তদন্তকারীরা। শনিবার বিহারের আরা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে টিটাগড়ে আনা হয়। দুপুরেই বারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কোথাও কোথাও তার নাম কমলেশ শ্রীবাস্তব বলেও নথিভুক্ত—তবে ব্যক্তি এক এবং অভিযোগ একই, বলেই জানাচ্ছে তদন্তকারী মহল।
পুলিশি হেফাজতে দফায় দফায় জেরা চলছে ধৃতের। কেবল একজনের একক কাজ, নাকি এর পিছনে আরও কেউ যুক্ত—সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ জেরায় উঠে এসেছে আরও গুরুতর তথ্য। অভিযোগ, বিহারে বসেই অভিযুক্ত সমাজমাধ্যমে শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ পার্থ ভৌমিকের নামেও কুরুচিকর মন্তব্য করেছে।
এই প্রসঙ্গে রাজ চক্রবর্তীর বক্তব্য, মহিলাদের এভাবে প্রকাশ্যে অসম্মান করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং তিনি এর শেষ না দেখে থামবেন না। একই সঙ্গে তাঁর সন্দেহ, এই ঘটনার নেপথ্যে নিশ্চয়ই কোনও ইন্ধন রয়েছে। এমনকি রাজনৈতিক যোগসূত্রের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তাঁর স্পষ্ট মন্তব্য, অভিযুক্তের পাশে যদি বিজেপি দাঁড়ায়, তবে তা প্রমাণ করবে তারা মহিলাদের সম্মান করতে জানে না।