মহেশ বাবুর ‘রুদ্র’ লুকে প্রকাশিত ‘বারাণসী’-এর ফার্স্ট লুক পোস্টার ঘিরে তীব্র বিতর্ক।

‘বারাণসী’-এর ফার্স্ট লুক
শেষ আপডেট: 16 November 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম, পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি 'বারাণসী'-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু, তাঁকে দেখা যাবে 'রুদ্র' নামের এক পৌরাণিক চরিত্রে।
পোস্টারে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন মহেশ বাবু। তাঁকে একটি ষাঁড়ের পিঠে চড়ে ত্রিশূল হাতে দেখা যাচ্ছে। এই পৌরাণিক চরিত্রে অভিনেতাকে দেখার জন্য ভক্তরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পোস্টার প্রসঙ্গে পরিচালক এসএস রাজামৌলি বলেন, "এই ছবির শুটিং করতে গিয়ে আমরা বুঝেছিলাম, কেবল কিছু শব্দের মাধ্যমে এই সিনেমার বিশালতাকে প্রকাশ করা সম্ভব নয়। তাই আমরা এমন একটি টিজার তৈরি করেছি, যা একটি কথাও না বলে ছবির পরিধি দর্শকদের সামনে তুলে ধরবে।"
জানা গেছে, প্রায় ১০০০ কোটি টাকারও বেশি বাজেট নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটি, যা ভরপুর অ্যাডভেঞ্চার নিয়ে আসছে। পোস্টার উন্মোচনের এই আবেগঘন অনুষ্ঠানেই একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন রাজামৌলি।
Mahesh Babu as RUDHRA in #VARANASI. pic.twitter.com/YMUjnnytWX
— rajamouli ss (@ssrajamouli) November 15, 2025
তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, "এটা আমার জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত। তবে আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমার বাবা বলেছিলেন হনুমানজি সব দেখছেন। এসব বিষয়ে আমার বিশ্বাস নেই। আমার স্ত্রীও ভগবান হনুমানের অনুরাগী, এমন ভাব করেন যেন হনুমানজি তাঁর বন্ধু। এমনকী ওর সঙ্গে নাকি কথাও বলেন। আমি ওর ওপর রেগেও যাই মাঝেমধ্যে।"
পরিচালকের এই বক্তব্যের পরই দর্শকদের একাংশ তীব্র সমালোচনা শুরু করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, যিনি রামায়ণ বা মহাভারতের চরিত্র নিয়ে কাজ করাকে স্বপ্ন বলেন, তিনি কীভাবে নিজেকে 'নাস্তিক' (ঈশ্বরে অবিশ্বাসী) হিসেবে দাবি করেন? কেউ কেউ আবার এটিকে নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে মন্তব্য বলেও সন্দেহ প্রকাশ করেছেন।
এই ছবিতে মন্দাকিনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া-কে। রাজামৌলি তাঁর উদ্দেশে বলেন, "তোমার মধ্যে মন্দাকিনীর অসংখ্য ছায়া দেখার অপেক্ষায় আমরা।" অন্যদিকে, খলনায়ক 'কুম্ভ'-এর ভূমিকায় অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তাঁকে 'অসম্ভব শক্তিশালী' বর্ণনা করে পোস্টারে একটি হুইলচেয়ারে বসে থাকতে দেখা গেছে।