খাবার নিয়ে নির্যাতনের কথাও সামনে আনেন রীতা। জানান, রান্নাঘরের তাঁকে বন্ধ করে দেওয়া হতো, এমনকি বাচ্চার জন্য দুধ পর্যন্ত আনা বন্ধ করে দেন তাঁরা।

শেষ আপডেট: 23 September 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় প্লেব্যাক গায়ক কুমার শানুকে ঘিরে নতুন বিতর্ক। প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, গর্ভাবস্থায় তাঁকে শানু এবং তাঁর পরিবার মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন করেছিলেন। দাবি করেছেন, ‘আশিকি’-র মাধ্যমে রাতারাতি খ্যাতি পাওয়ার পর থেকেই বদলে যায় গায়কের আচরণ।
সাক্ষাৎকারে রীতা বলেন, "শানু অত্যন্ত অনিরাপদ মানসিকতার মানুষ ছিলেন। তাঁকে ঘরবন্দি করে রাখা হতো, বাইরে যেতে দেওয়া হতো না।"
তাঁর অভিযোগ, গায়কের এক বোন তাঁদের সঙ্গেই থাকতে শুরু করেন, এমনকি শানুর ঘর ভাগ করতেন তিনি, আর রীতা আলাদা ঘরে সন্তানদের নিয়ে থাকতেন। এভাবেই দীর্ঘদিন ধরে অপমান সহ্য করতে হয়েছিল তাঁকে।

রীতা আরও অভিযোগ করেন, গর্ভাবস্থায় তাঁকে আদালতে টেনে নিয়ে যান কুমার শানু। সে সময়ই তাঁর সম্পর্ক ছিল অন্য এক মহিলার সঙ্গে। রীতার কথায়, “আমার মনে হয়েছিল আমার পৃথিবীটাই ভেঙে গেল। আদালতে আমাকে নিয়ে মজা করতেন, উপহাস করতেন।”
খাবার নিয়ে নির্যাতনের কথাও সামনে আনেন রীতা। জানান, রান্নাঘরের তাঁকে বন্ধ করে দেওয়া হতো, এমনকি বাচ্চার জন্য দুধ পর্যন্ত আনা বন্ধ করে দেন তাঁরা। প্রতিদিন মাত্র ১০০ টাকা হাতে দেওয়া হতো। শিশুদের খাবার অর্ডার করলে দোকানদার বলতেন, গায়কের নির্দেশ, তা পৌঁছে দেওয়া যাবে না!
উল্লেখ্য, আটের দশকের শেষ দিকে কুমার শানু ও রীতার বিয়ে হয়েছিল। তাঁদের তিন সন্তান জন্ম নেয়। কিন্তু ১৯৯৪ সালে বিচ্ছেদ ঘটে। সে সময় গায়কের অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্কের খবরও প্রকাশ্যে আসে। পরে ‘বিগ বস ১৯’-এর মঞ্চে কুনিকা নিজেই ছয় বছরের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক অভিযোগে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে কুমার শানু। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি তিনি।