বলিউডের পর এবার ব্যবসায় বাজিমাত কৃতি শ্যাননের। দু’বছরে ৪০০ কোটির ব্যবসা ছুঁয়েছে তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ড ‘Let’s Hyphen’। এখন লক্ষ্য ১২০০ কোটি!

কৃতি শ্যানন
শেষ আপডেট: 2 August 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে সাফল্যের পর এবার ব্যবসার ময়দানেও বাজিমাত করছেন অভিনেত্রী কৃতি শ্যানন। দু’বছর আগে শুরু করেছিলেন নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড 'Let’s Hyphen'— আজ তার বার্ষিক আয় ৪০০ কোটি টাকা! সম্প্রতি CNBC-TV18-কে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি ও সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তরুণ শর্মা জানালেন তাঁদের এই অসাধারণ যাত্রার গল্প।
'Let’s Hyphen'–এর পিছনে রয়েছেন সেই একই দল, যারা 'McCaffeine'–এর মতো সফল বিউটি ব্র্যান্ড তৈরির মস্তিষ্ক— তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি ও মোহিত জৈন। এই দলের সঙ্গে যুক্ত হয়ে কৃতি কেবল মুখই নন, বিনিয়োগকারীও। শুরুতেই পুঁজি বিনিয়োগ করেছিলেন তিনি। তরুণ বলছেন, “প্রথম বছর স্কেল করার জন্য যথেষ্ট ছিল ওঁর ইনভেস্টমেন্ট।”
প্রথম বছরে ১০০ কোটির ব্যবসা ছুঁয়ে নেওয়ার পরই নতুন লক্ষ্যের কথা ভাবা শুরু। কৃতি বলেন, “আমরা ভিশন বোর্ডে সব লিখে রেখেছিলাম। প্রথমে যে টার্গেট ছিল ১০০ কোটি, তা আমাদের দু’জনের মাথা থেকেই এসেছে। দ্বিতীয় বছর তরুণ যে সংখ্যাটা বলত, আমি তার থেকে একটু বেশি যোগ করতাম, কারণ জানতাম ও সেটা করতে পারবে। তাই ভাবতাম, একটু বড় স্বপ্ন দেখি না কেন!”
তরুণ হেসে বলেন, “আমি যখনই বলি, চার বছরে এটা করব, ও সঙ্গে সঙ্গে বলে, ‘তা হলে একটু আরও না বাড়িয়ে দেখি!’” এখন তাঁদের নতুন লক্ষ্য— চার বছরে ১০০০ কোটি। যদিও কৃতি সঙ্গে সঙ্গে শুধরে দেন, “ওর লক্ষ্য ১০০০ কোটি, আর আমি চাই ১২০০ কোটি হোক!”
কৃতি স্পষ্ট বলেন, “আমি বিশ্বাস করি, আমরা ২-৩ বছরের মধ্যেই ১০০০ কোটিতে পৌঁছতে পারি। তাই চাপ দিই। বড় স্বপ্ন দেখতেই হবে।” তরুণ বলেন, “ভাল পার্টনার মানেই একে অপরকে চ্যালেঞ্জ দেওয়া। ও সেটাই করে।”
তবে একজন অভিনেত্রী হিসাবে ব্যবসা শুরুর সময় বাড়তি চাপ ছিল, সেটাও স্বীকার করেছেন কৃতি। বলেন, “সেলিব্রিটিরা যখন কোনও ব্র্যান্ড করেন, তখন বেশি জাজমেন্ট আসে। জানতাম প্রোডাক্ট ভাল, তাই চাইনি আমার নামটার জন্য অযথা সমালোচনা হোক। সৌভাগ্যবশত, কিছু ওঠানামা তো থাকবেই, সেটাই আমাদের যাত্রার অঙ্গ।”