লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন।

কৃতি শ্যানন
শেষ আপডেট: 28 March 2026 18:14
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নতুন করে প্রেমের গুঞ্জন ঘিরে ফেলেছে অভিনেত্রী কৃতি শ্যানন–কে (Kriti Sanon)। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, লন্ডন নিবাসী ব্যবসায়ী কবীর বাহিয়া–র (Kabir Bahia) সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কবীর আবার ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি–র ঘনিষ্ঠ বলেই জানা যায়। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে কৃতি ও কবীরকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁদের একসঙ্গে কাটানো সেই মুহূর্ত। এমনকি ২০১৫ সালের বর্ষবরণ পার্টিতেও একসঙ্গে নজর কেড়েছিলেন এই চর্চিত যুগল। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত দু’জনেই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
এই আবহেই বিয়ে নিয়ে সরাসরি মুখ খুললেন কৃতি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সঞ্চালক তাঁর বিয়ের প্রসঙ্গ তুলতেই স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন কৃতি। তাঁর কথায়, “বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন—আমি কবে বিয়ে করছি! আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।”
অনুষ্ঠানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, বোনের মতো তাঁরও কি শীঘ্রই কোনও বিশেষ অনুষ্ঠান হতে চলেছে? অর্থাৎ বিয়ের দিকেই ইঙ্গিত ছিল প্রশ্নের। উত্তরে কৃতি সাফ জানিয়ে দেন, তিনি তখনই বিয়ে করবেন যখন তাঁর মনে হবে সময় হয়েছে। এখনই বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী।
একই অনুষ্ঠানে বলিউডের স্বজনপোষণ বা নেপোটিজম নিয়েও খোলামেলা মত প্রকাশ করেন কৃতি শ্যানন। তাঁর মতে, স্বজনপোষণ সব ক্ষেত্রেই রয়েছে, তবে বিনোদন জগতে সেটা বেশি চোখে পড়ে। তবুও কঠোর পরিশ্রম করলে দেরি হলেও সুযোগ পাওয়া যায় বলেই মনে করেন তিনি। নিজের কাজের মান উন্নত করা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়াকেই তিনি সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন।
এই প্রসঙ্গেই উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—তারকা পরিবারের সন্তানদের সুযোগ দিতে গিয়ে কি কখনও তাঁকে কোনও ছবির প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে? কৃতি অকপটে জানান, হ্যাঁ, এমন অভিজ্ঞতার মুখোমুখি তাঁকে হতে হয়েছে। শুধু একবার নয়, একাধিকবার এমনটা ঘটেছে বলেও স্বীকার করেন তিনি। তবে প্রতিবারই যে স্টার কিডদের জন্য বাদ পড়েছেন, তা নয়—অন্য অভিনেত্রীদের কারণেও তাঁকে সুযোগ হারাতে হয়েছে বলে জানান কৃতি।
শেষে নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট বার্তা দেন অভিনেত্রী। তিনি বলেন, ভবিষ্যতে তাঁর সন্তান যদি অভিনয় দুনিয়ায় আসতে চায়, তাহলে মায়ের পরিচিতির কারণে কিছুটা সুবিধা পেতে পারে।