দ্বিতীয় বিয়ের চার দিনের মধ্যেই বিস্ফোরক পোস্ট বাদশার!

বাদশা
শেষ আপডেট: 28 March 2026 18:00
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহ ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বলিউড র্যাপার বাদশা (Badshah second marriage)। সদ্য মুক্তিপ্রাপ্ত তাঁর গান ‘টাটিরি’–র কথা ও দৃশ্যায়ন ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঠিক এই সময়েই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রেখে আবার শিরোনামে উঠে এসেছেন গায়ক। পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি–র সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। কিন্তু বিয়ের চার দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করে নতুন করে কৌতূহল বাড়ালেন বাদশা। তাঁর কথায়, “গত কয়েক সপ্তাহ ধরে জীবন যেভাবে আমার পরীক্ষা নিচ্ছে, তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে—নতুন জীবনের শুরুতেই কি আবার কোনও সমস্যায় পড়লেন র্যাপার?
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে বাদশা লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জীবনে যেন ঝড় বয়ে গিয়েছে। এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। বাইরে থেকে যেটা নিখুঁত মনে হয়, ক্যামেরা বন্ধ হয়ে গেলে তার বাস্তবতা একেবারেই আলাদা—এই কথাও উল্লেখ করেছেন তিনি। গায়কের বক্তব্য, প্রত্যেক মানুষের জীবনেরই একটা দিক থাকে, যা বাইরে থেকে চকচকে দেখালেও ভিতরে লড়াই চলতেই থাকে। এই মুহূর্তে তিনি নিজের জীবন নিয়ে অনেক কিছু ভাবছেন বলেও জানিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ‘টাটিরি’ গানকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হলেও এতদিন এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি বাদশা। অন্যদিকে, গানটির সঙ্গে যুক্ত নোরা ফতেহি সরাসরি দর্শক ও অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু বাদশা নীরবই ছিলেন। সেই নীরবতা ভেঙে অবশেষে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানালেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে—এই পোস্ট কি শুধুই গান বিতর্কের প্রসঙ্গ, নাকি ব্যক্তিগত জীবনের দিকেও কোনও ইঙ্গিত?
আসলে ‘টাটিরি’ গানকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন বাদশা। মহিলা কমিশনের তরফে তাঁকে তলব করা হয়েছে, পাশাপাশি ‘অশ্লীল কন্টেন্টে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করা’র অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। এই পরিস্থিতিই যে তাঁর মানসিক চাপের কারণ, তা গায়কের পোস্টের পরবর্তী অংশ থেকেই স্পষ্ট।
পোস্টে লন্ডনে শো করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। বাদশা লিখেছেন, লন্ডনের ওটু–র মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার দর্শকের ভালবাসা তাঁকে নতুন করে শক্তি দিয়েছে। সেই মুহূর্ত তাঁকে মনে করিয়ে দিয়েছে তিনি কে এবং কেন এই পথ বেছে নিয়েছেন। দর্শকদের ভালবাসাই তাঁকে আবার ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে বলে জানিয়েছেন র্যাপার।
শেষে অনুরাগীদের উদ্দেশে আশ্বাসও দিয়েছেন বাদশা। তাঁর কথায়, নতুন গান আসছে এবং তিনি তাতে মনপ্রাণ ঢেলে কাজ করছেন। দর্শকদের ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামিদিনে আরও ভাল কাজ উপহার দেবেন।