কিছুদিন আগে শোনা গিয়েছিল, জানুয়ারি মাসেই শুরু হতে পারে নতুন সিজন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, দর্শকদের অপেক্ষা আরও কিছুটা বাড়তে চলেছে। সূত্রের খবর, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুন মাস নাগাদ কালার্স টিভিতে সম্প্রচার শুরু হতে পারে ‘খতরো কে খিলাড়ি ১৫’।

শেষ আপডেট: 18 January 2026 14:58
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ও রোমাঞ্চকর রিয়্যালিটি শো ‘খতরো কে খিলাড়ি’ আবার ফিরতে চলেছে নতুন সিজন নিয়ে। তাই রোহিত শেঠির এই অ্যাকশন-প্যাকড শো নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। ‘বিগ বস ১৯’-এর মঞ্চ থেকেই রোহিত শেঠি ইঙ্গিত দিয়েছিলেন যে খুব শিগগিরই শুরু হবে ‘খতরো কে খিলাড়ি ১৫’। তবে কবে থেকে শুরু, তা নিয়ে ধোঁয়াশা ছিল এতদিন। এবার এই রিয়্যালিটি শো নিয়ে সামনে এলো নতুন তথ্য।
কিছুদিন আগে শোনা গিয়েছিল, জানুয়ারি মাসেই শুরু হতে পারে নতুন সিজন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, দর্শকদের অপেক্ষা আরও কিছুটা বাড়তে চলেছে। সূত্রের খবর, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুন মাস নাগাদ কালার্স টিভিতে সম্প্রচার শুরু হতে পারে ‘খতরো কে খিলাড়ি ১৫’। তার আগেই মে মাসে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের সিজনের শুটিং লোকেশন নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন নির্মাতারা। সব কিছুতেই রাখা হয়েছে চূড়ান্ত গোপনীয়তায়। গত সিজনের শুটিং হয়েছিল রোমানিয়ায়। তাই এবার রোহিত শেঠি তাঁর টিম নিয়ে কোন দেশে পাড়ি দেবেন, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
এদিকে প্রতিযোগীদের তালিকা নিয়েও সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। জল্পনা বলছে, ‘বিগ বস ১৯’-এর বিজেতা গৌরব খান্না এবং রানার-আপ ফারহানা ভাট এই সিজনের অন্যতম আকর্ষণ হতে পারেন। যদিও নির্মাতাদের তরফে এখনও প্রতিযোগীদের নাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে সবটাই এখন অন্ধকারে। শো নিয়ে বিস্তারে কিছু জানানো হয়নি চ্যানেলের পক্ষ থেকে।