
শেষ আপডেট: 18 December 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: কন্নড় চলচ্চিত্র জগতে নেমে এল গভীর শোকের ছায়া। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ছবির সহ-পরিচালক কীর্তন নাদাগৌড়ার চার বছরের ছেলে চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়ার অকাল মৃত্যু কার্যত স্তব্ধ করে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে।
দুর্ঘটনাটি ঘটে তিন দিন আগে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা-মায়ের অজান্তেই খেলতে খেলতে ছোট্ট সোনার্শ একটি লিফটে ঢুকে পড়ে। পরে সে লিফটের মধ্যেই আটকে যায়। এরপরে কোনও ভাবে ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায় এবং গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
ছেলের মৃত্যুর খবরটি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কীর্তন নাদাগৌড়া। এই দুঃসংবাদের পর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণও। সমাজমাধ্যমে এক শোকবার্তায় তিনি লেখেন, কীর্তন নাদাগৌড়ার পুত্রের প্রয়াণ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তেলুগু ও কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালকের পরিবারে এমন বিপর্যয় গোটা ইন্ডাস্ট্রিকেই শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে বলে জানান তিনি।
এই ঘটনার পর নতুন করে সামনে এসেছে কীর্তনের শেষ সমাজমাধ্যম পোস্ট। গত বছরের নভেম্বর মাসের দু’তারিখে হ্যালোইন উপলক্ষে ছোট্ট সোনার্শের একটি ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। ছবিতে হ্যালোইন সাজে দেখা গিয়েছিল সোনার্শকে—গায়ে ব্যান্ডেজ, তাতে মাকড়সার নকশা, হাতে জ্যাক-ও-ল্যান্টার্ন। সেই ছবিই এখন হয়ে উঠেছে অগণিত স্মৃতির প্রতীক। কমেন্ট বক্স ভরে গিয়েছে শোকবার্তা আর সমবেদনায়।
কীর্তন নাদাগৌড়া দীর্ঘদিন ধরেই কন্নড় চলচ্চিত্র জগতের নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত। প্রশান্ত নীলের সঙ্গে কাজ করে ‘কেজিএফ’ সিরিজ এবং ‘সালার’-এর মতো ছবিতে সহ-পরিচালক ও সেকেন্ড ইউনিট ডিরেক্টর হিসাবে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন। শুধু কন্নড় নয়, তেলুগু ইন্ডাস্ট্রিতেও পরিচালক হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি চলছিল তাঁর। মিথ্রি মুভি মেকার্স ও প্রশান্ত নীলের প্রযোজনায় একটি হরর ছবির মাধ্যমে তাঁর নতুন যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে এ সবের মধ্যেই ঘটে গেল চরম দুর্ঘটনা! ঘটনায় বাক্যহারা পরিচালকের স্ত্রীও।